ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা বিএনপি নয়, আওয়ামী লীগের কিছুসংখ্যক প্রভাবশালী নেতা ও বিপথগামী সেনা কর্মকর্তার যোগসাজসে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
সোমবার মহানগর নাট্যমঞ্চে দলের ৩১-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগ প্রত্যাখান করে বলেন, "১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার সঙ্গে জিয়া কিংবা বিএনপির কোনো নেতা কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না।"
"আওয়ামী লীগের কিছু প্রভাবশালী নেতা ও বিপথগামী সেনা কর্মকর্তার যোগসাজসেই ওই হত্যাকাণ্ড ঘটেছে। তিনি (প্রধানমন্ত্রী) ওই হত্যাকাণ্ড সম্পর্কে যে ইঙ্গিত দিয়েছেন, তা সঠিক নয়।"
রোববার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে মহানগর আওয়ামী লীগের এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান ও পরবর্তী সময়ে হত্যাকারীদের বিচার না করে পুরস্কৃত করার ক্ষেত্রে বিএনপির সম্পৃক্ততা ছিলো।
'গণতন্ত্রে উত্তরণ ও স্বনির্ভর জাতীয় অর্থনীতি বিনির্মাণে বিএনপি' শীর্ষক ওই আলোচনায় দেলোয়ার দলের নেতা-কর্মীদের সংগঠিত হওয়ার আহবান জানিয়ে বলেন, "আওয়ামী লীগই দেশ থেকে গণতন্ত্র নির্বাসন দিয়ে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছে। রক্ষীবাহিনী গঠনের মাধ্যমে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যা করেছে।"
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার জন্য তৎকালীন বাস্তবতায় জিয়া বিএনপি প্রতিষ্ঠা করেন বলে জানিয়ে দলের মহাসচিব বলেন, "এজন্য অতীতে তাকে ও তার দলকে ধ্বংস করার নানা ষড়যন্ত্র ও চক্রান্ত হয়েছে।
"এখনো আওয়ামী লীগ সরকার সেই চক্রান্ত করছে।"
দেলোয়ার বলেন, "এ দলে কোনো দুর্নীতিবাজ ও বিশ্বাসঘাতক সদস্য হতে পারবে না। যারা দলের বিপদের সময়ে ছিলো না, আর্দশচ্যুত হয়েছে, তাদের নিয়ে দলকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না।''
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, "যদি জিয়ার আদর্শকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তবে পৃথিবীর কোনো শক্তিই বিএনপিকে ধ্বংস করতে পারবে না।"
তিনি জানান, এ জন্য দলের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ হবে- 'শহীদ জিয়ার আর্দশ নিয়ে পথ চলা।'
দলের সহ-সভাপতি অধ্যাপক সারোয়ারি রহমানের সভাপতিত্বে এ সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, যুগ্ম-মহাসচিব সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, বিএনপি দলীয় সাংসদ বরকত উল্লাহ বুলু, ছাত্র দলের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ফজলুল হক মিলন, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম চৌধুরী, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতি এম এ মালেক, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/১৬২৮ ঘ.
bdnews24