চট্টগ্রাম, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নগরীর হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়িতে রোববার ভোরে ডাকাতের হামলায় তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন বাড়ির মালিক গোলাম মাওলা (৫৫) এবং তার দুই ছেলে দিদারুল আলম (২৭) ও মাসুদ রানা (২৩)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হালিশহর থানার উপ-পরিদর্শক নিভুরঞ্জন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে সাত/আটজনের একদল ডাকাত বসুন্ধরা আবাসিক এলাকার দুই নম্বর সেক্টরে গোলাম মাওলার বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢোকে। এ সময় গোলাম মাওলা, দিদার ও মাসুদ তিন ডাকাতকে ঝাপটে ধরেন। ডাকাতরা তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা সিএনজি অটোরিকশা করে পালিয়ে যায়।
তিনি বলেন, কোনো মালামাল না নিয়েই ডাকাতরা পালিয়ে গেছে। বাড়ির মালিক মামলা করলে নেওয়া হবে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/২১১৫ ঘ.
bdnews24