ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে বন্ড ছাড়ার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে 'নবায়নযোগ্য জ্বালানি: জাতীয় নবায়নযোগ্য জ্বালানি নীতিমালার বাস্তবায়ন' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে মন্ত্রী একথা বলেন।
বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি সোসাইটি (বিআরইএস) এ অনুষ্টানের আয়োজন করে।
মতিয়া চৌধুরী বলেন, "নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগকে বিকশিত করতে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি যাতে গরিব মানুষ উপকৃত হয়। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য পৃথক তহবিল গঠনের চিন্তা-ভাবনা করা হচ্ছে।"
সরকার জ্বালানি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বলেও জানান তিনি।
দেশের কৃষি বিজ্ঞানী ও উদ্যোক্তাদের সেচ পাম্প চালানোর জন্য সৌরশক্তি নির্ভর প্রযুক্তি উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মতিয়া চৌধুরী বলেন, "এতে আমাদের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে।"
তিনি আরও জানান, বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা ৪০ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে; ৬ শতাংশ পাচ্ছে প্রাকৃতিক গ্যাস। বস্তুত, বাংলাদেশের মোট জ্বালানির ৭০ শতাংশ মেটানো হচ্ছে বায়োম্যাসের মাধ্যমে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-এলাহি চৌধুরী বলেন, "বর্তমানে সরকার সেচ কাজে ব্যবহারের জন্য বিদ্যুতের বিকল্প জ্বালানি উৎসের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।"
বিদ্যুৎ নেই এমন এলাকাগুলোর কমিউনিটি হাসপাতালের জন্য সরকার সৌর শক্তি নির্ভর প্রযুক্তি চালুর পরিকল্পনা করছে বলেও জানান তিনি।
বৈঠকে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিআরইএস এর অল্টারনেট চেয়ারম্যান দিপাল সি বড়
bdnews24