সাভার, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের নিরিবিলি নামক স্থানে শুক্রবার ভোরে একটি পিস্তল এবং তিন রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
আটককৃত ব্যক্তির নাম- মোহাম্মদ এহতেশাম (৩০)। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার প্রয়াত নিজাম উদ্দিনের ছেলে। যশোর থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে র্যাব সদস্যরা এহতেশামকে আটক করেন।
র্যাব-৪ সাভার ক্যাম্পের কমান্ডার শাহ মিজান-উল-হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৫টার দিকে মহাসড়কের নিরিবিলি নামক স্থানে বাসে তল্লাশি চালানো হয়।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে এহতেশাম নিজেকে অস্ত্র বিক্রেতা বলে স্বীকার করেছেন। তিনি যশোর থেকে অস্ত্রটি রাজধানীর সবুজবাগ এলাকার সন্ত্রাসী আকাশকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন।
শাহ মিজান জানান, এহতেশামের দেওয়া তথ্য অনুযায়ী তাকে সঙ্গে নিয়ে রাজধানীর সবুজবাগ এলাকায় আকাশের আস্তানায় হানা দিয়ে তাকে পাওয়া যায়নি। র্যাব সবুজবাগ থানায় খোঁজ নিয়ে জেনেছে আকাশের বিরুদ্ধে একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
র্যাব কর্মকতা জানান, এহতেশামকে আশুলিয়া থানায় হস্তান্তর এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭১৭ ঘ.
bdnews24