ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ বাঁধ এলাকা পরিদর্শনের জন্য সংসদীয় প্রতিনিধি দলকে সব তথ্য সম্পর্কে অবগত হতে হবে। অন্যথায় এটি একটি 'রাজনৈতিক পর্যটনে' পরিণত হবে। আর এ সুযোগ কাজে লাগিয়ে ভারত সরকার তাদের কাজ এগিয়ে নিবে।
মঙ্গলবার মহাখালীর ব্র্যাক সেন্টার ইন-এ সেন্টার ফর হিউম্যান রাইটস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান সিকিউরিটি আয়োজিত 'আন্তর্জাতিক নদী আইন, পরিবেশ ও মানবিক নিরাপত্তার বিবেচনায় টিপাইমুখ মেগাড্যাম প্রকল্প' শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
২৯ জুলাই বুধবার পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ১১ সদস্যের সংসদীয় দল টিপাইমুখ বাঁধ এলাকা পরিদর্শনে যাচ্ছে। এ প্রতিনিধি দলে প্রধান বিরোধীদল বিএনপি ও জামায়াতের সাংসদরা থাকছেন না।
সাবেক পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির সহসভাপতি হাফিজউদ্দীন আহমেদ বলেন, ১৯৭২ সালে যখন এ প্রকল্পের কথা প্রথম বলা হয় তখন বাংলাদেশের পক্ষ থেকে এটিকে উপকারী বলা হয়েছিল। ১৯৭৮ সালে প্রথম এর বিরোধীতা করা হয়।
তিনি বলেন, পানি সম্পদ মন্ত্রী হিসাবে তার দায়িত্ব পালনকালে এ প্রকল্প সম্পর্কে ভারতের কাছে তথ্য চাওয়া হলেও কোনও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
পরিবেশ আইনবিদ সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট রেজওয়ানা হাসান বলেন, অপ্রস্তুত সংসদীয় দলের এ সফর ভারতকে এ কথা বলার সুযোগ এনে দিবে যে বাংলাদেশ এ প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে জানতো।
তিনি বলেন, কোনও ধরনের চুক্তি ছাড়া ভারত যেন পরবর্তী কোনও পদক্ষেপ না নেয় তা সংসদীয় প্রতিনিধি দলকে বলতে হবে। নেপাল, ভূটান, ভারত ও চীনসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোকে নিয়ে বাংলাদেশ একটি আন্তর্জাতিক ফোরাম গঠনের উদ্যোগ নিতে পারে।
ভারতের মনিপুর থেকে আসা বেসরকারি সংস্থা কোর এর নির্বাহী পরিচালক আনা পিন্টো বলেন, ৮ হাজার ৮০০ কোটি রুপি ব্যয়ে ১৫ হাজার মেগওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে ভারতের। টিপাইমুখ ড্যাম হচ্ছে এ ধরনের এক হাজারের বেশি প্রকল্পের একটি প্রকল্প মাত্র।
তিনি বলেন, টিপাইমুখ বাঁধের কারণে ১ হাজার ৩০০ আদিবাসী পরিবার বাস্তুচ্যূত ও ১শ' গ্রাম ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এক হাজারের বেশি প্রকল্পে কতো মানুষ বাস্তচ্যূত ও ক্ষতিগ্রস্ত হবে তা আমাদের ধারণা করতে হবে।
সেমিনারে সভাপতির বক্তব্যে সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঈনুল হোসেন চৌধুরী বলেন, জাতীয় স্বার্থে সবাইকে ঐকমত্যে পৌঁছতে হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের নির্বাহী পরিচালক ফজলুস সাত্তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এইচএ/২৩০০ ঘ.
bdnews24