ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় মঙ্গলবার জাল নোট ও রাজস্ব স্ট্যাম্পসহ একজন এবং মুন্সিগঞ্জে সোমবার রাতে জাল নোটসহ আরও একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এরা হলেন- কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কালীপদুয়া গ্রামের মহসিন এবং মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ মেদিনীমণ্ডল গ্রামের ইউসুফ মৃধার ছেলে দানেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুমিল্লা প্রতিনিধি জানান, জেলার সদর দক্ষিণ উপজেলার বাগমারা বাজার থেকে বিকেলে এক লাখ টাকার জাল নোট ও জাল রাজস্ব স্ট্যাম্পসহ মহসিনকে গ্রেপ্তার করেছে র্যাব।
কুমিল্লায় র্যাব-১১ এর ক্রাইম প্রিভেন্সন কোম্পানি-২ এর কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আলভী ফেরদৌস খান জানান, র্যাব সদস্যরা ক্রেতা পরিচয়ে মহসিনের সঙ্গে এক লাখ টাকা মূল্যের জালনোট ক্রয়ের চুক্তি করে। সে অনুযায়ী মঙ্গলবার বিকেল ৩টায় এক হাজার, পাঁচ শ' ও এক শ' টাকা মূল্যমানের জাল নোট নিয়ে বাগমারা বাজারে এলে র্যাব তাকে গ্রেপ্তার করে। পরে তার বাড়ি তল্লাশি করে পাঁচ শ' টাকা মূল্যমানের বেশকিছু রাজস্ব স্ট্যাম্প উদ্ধার করে।
এ ব্যপারে সদর দক্ষিণ থানায় মামলা হয়েছে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মাওয়া ফেরিঘাট থেকে সোমবার রাতে জাল নোটসহ দানেশকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, মাওয়া ফেরিঘাটে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় দানেশকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে ২৪টি পাঁচ শ' এবং ১৩টি এক শ' টাকার জাল নোট পাওয়া যায়।
এ ব্যাপারে লৌহজং থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৭ ঘ.
bdnews24