চট্টগ্রাম, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর সদরঘাাট এলাকার একটি আবাসিক হোটেল থেকে সোমবার রাতে ৭৫০ গ্রাম হেরোইনসহ পাঁচ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা রাত ১১টার দিকে হোটেল শাহাজাহান থেকে তাদের গ্রেপ্তার করে। এরা হলেন- সালাউদ্দিন, বেলাল উদ্দিন, আবুল হোসেন, জামাল উদ্দিন ও কামাল উদ্দিন।
চট্টগ্রাম আঞ্চলিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার করা সালাউদ্দিন ও তার দলের সদস্যরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় হেরাইনসহ অন্যান্য মাদক বিক্রি করে আসছে।
এ ঘটনায় কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে আবুল কালাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৮২৭ ঘ.
bdnews24