ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্য কোন ক্যাডারের নেতৃত্ব মানতে নারাজ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সকল ক্যাডারের সঙ্গে সমন্বয় সাধন করা উচিত বলে মত অ্যাসোসিয়েশনের।
একই সঙ্গে বিসিএস-বহির্ভূতদের সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনকে তাদের সঙ্গে একীভূত করার ব্যাপারে সংগঠনটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার রাজারবাগ টেলিকম অডিটোরিয়ামে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের সভায় এবিষয় ছাড়াও আরো বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঢাকার পুলিশ সুপার ইকবাল বাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার এলাকার অন্যান্য ক্যাডারের সঙ্গে সমন্বয় করে থাকেন।
ইকবাল বাহার বলেন, "আগে সিভিল সার্ভিসকে প্রথম শ্রেণীর ক্যাডার হিসাবে উল্লেখ করা হতো বলে এই শ্রেণীর কর্মকর্তাদের নেতৃত্ব অন্যান্য ক্যাডাররা মেনে নিতো। এখন সকল ক্যাডার সমমানের। কেউ প্রথম বা কেউ দ্বিতীয় নন।"
আইজি থেকে কনস্টেবল পর্যন্ত প্রায় ১ লাখ ২৪ হাজার পুলিশ সদস্য রয়েছে। এদের মধ্যে বিসিএস ক্যাডারভুক্ত সহকারি কমিশনার থেকে এর ওপরের কর্মকর্তারা বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্য। অন্যদিকে পরিদর্শক থেকে কনস্টেবল পর্যন্ত সদস্যরা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্য।
পরিদর্শক পদমর্যাদার বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাবেক এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নানা কারণে সংগঠনটির কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
এর পেছনে ক্যাডার কর্মকর্তাদের কোন ভূমিকা আছে কিনা সে প্রশ্নের জবাবে তিনি বলেন," আপনারাতো সবই জানেন। এ বিষয়ে কিছু বলা যাবেনা।"
সভায় সংগঠনের সহ-সভাপতি র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক,সাধারণ সম্পাদক ঢাকার পুলিশ সুপার ইকবাল বাহারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২২৩৬ঘ.
bdnews24