ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোয় যাত্রীসেবার মান বাড়াতে কাস্টমস ও ইমিগ্রেশনের জন্য পৃথক ডেস্ক স্থাপন এবং গ্রিন চ্যানেলে দীর্ঘ সময় নিয়ে তল্লাশির পরিবর্তে সীমিত আকারে মালামাল পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের।
তিনি আরও জানিয়েছেন, বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানি বন্ধে পুলিশসহ সংশ্লিষ্টদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে কোনও গাফিলতি সহ্য করা হবে না।
রোববার দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোয় বিশেষ সুবিধা দেওয়াসহ যাত্রীসেবার মানোন্নয়ন এবং যাত্রী হয়রানি বন্ধ করতে করণীয় নির্ধারণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, বাংলাদেশ বিমান এবং ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরসহ অন্য বিমানবন্দরগুলোয় যাত্রী হয়রানি বন্ধ এবং যাত্রীসেবার মানোন্নয়নে সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে।
এর মধ্যে শুল্ক বিভাগসহ কাস্টমস, ইমিগ্রেশন এবং প্রবাসী কল্যাণের জন্য পৃথক ডেস্ক স্থাপন হবে। এসব ডেস্কে বিশেষ নজরদারি ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা হবে। যাত্রীদের মালামাল টানা, ট্যাক্সি ক্যাব ভাড়া ও যাতায়াতেও নজরদারি থাকবে। যাতে কোনও যাত্রী ভবিষ্যতে হয়রানির শিকার না হয়। এজন্য পুলিশসহ সংশ্লিষ্টদের দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, এক্ষেত্রে কোনও প্রকার শৈথিল্য বা গাফিলতি সরকার সহ্য করবে না। দোষীদের বিরুদ্ধে বিমানবন্দরে কর্মরত বিশেষ ম্যাজিস্ট্রেটরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন এবং পরে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিমানবন্দরের মতো সংরক্ষিত এলাকায় যাত্রী হয়রানির সঙ্গে কারা জড়িত এবং তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কী না, জানতে চাইলে তিনি বলেন, বিমানবন্দরে ২৪টি সংস্থার লোকজন কাজ করে। এছাড়া নিজস্ব কর্মীর বাইরে বহিরাগত একটি চক্র রয়েছে। এদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর ফলে পরিস্থিতির কিছু উন্নতি হয়েছে দাবি করে জিএম কাদের বলেন, "ভবিষ্যতে যাতে আর এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য সরকার আরও কঠোর ব্যবস্থা নেবে।"
গ্রীন চ্যানেলে সীমিত তল্লাশি বা পরীক্ষার সুযোগে অবৈধ পণ্যের চোরাচালান বা অনিয়ম বাড়তে পারে কী না, জানতে চাইলে তিনি বলেন, "সব ক্ষেত্রে সীমিত পরীক্ষা করা হবে না। কিছু কিছু ক্ষেত্রে করা হবে। তবে যেগুলো সন্দেহজনক মনে হবে, তা পরীক্ষা করা হবে।
"এক্ষেত্রে হয়তো কিছু অনিয়ম হবে। তবে যাত্রী হয়রানি এড়াতে সরকার এ টুকু ছাড় দেবে। এতে তেমন কোনও লোকসান হবে না।"
জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রবাসী কল্যাণ সচিব আতাহারুল ইসলাম, বিমান সচিব হেদায়েতুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এমআই/১৭১৫ ঘ.
bdnews24