২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টেডিয়ামের নাম পরিবর্তনের উদ্যোগে শহীদ সালামের পরিবারের ক্ষোভ

ভাষা শহীদ সালাম স্টেডিয়ামের নাম পরিবর্তন করায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। শনিবার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়ে শহীদ সালামের ছোট ভাই আব্দুল করিম (৬০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফেব্রুয়ারি মাস এলে ভাষা শহীদদের কথা মনে পড়ে আমাদের। পরে সবাই তা ভুলে যাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2009, 03:16 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ফেনী, জুলাই ১১ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম) - ভাষা শহীদ সালাম স্টেডিয়ামের নাম পরিবর্তন করায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। শনিবার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়ে শহীদ সালামের ছোট ভাই আব্দুল করিম (৬০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফেব্রুয়ারি মাস এলে ভাষা শহীদদের কথা মনে পড়ে আমাদের। পরে সবাই তা ভুলে যাই। স্টেডিয়ামের নাম পরিবর্তনের বিষয়টিকে দুঃখজনক হিসেবে বর্ণনা করে তিনি বলেন, "লজ্জায় মাথা নত হয়ে আসে, যখন দেখি ১০ বছরে দু'বার ভাষা শহীদ সালাম স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়।" শহীদ সালামের নামে স্টেডিয়ামের নামকরণ বহাল রাখার দাবি জানান করিম। জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শহীদ সালামের নামেই স্টেডিয়ামের নাম বহাল থাকবে।" ২৫ জুন জাতীয় ক্রীড়া পরিষদ এর নিয়ন্ত্রণাধীন দেশের বিভিন্ন স্টেডিয়ামের নাম পরিবর্তন করার ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করে। সে অনুযায়ী শহীদ সালাম স্টেডিয়াম পরিবর্তন করে ফেনী স্টেডিয়াম করার বিষয়টি শোনা যাচ্ছে। শনিবার দুপুরে একাডেমী রোডে অবস্থিত স্টেডিয়ামে গিয়ে দেখা গেছে বর্তমান নাম মুছে ফেলা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেও কথা বলা যায়নি। জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা রাধেশ্যাম পাল জানান, ১৯৯৯ সালের ৮ ডিসেম্বর ফেনী স্টেডিয়ামে এক সমাবেশে ফেনী-২ আসনের সাংসদ জয়নাল হাজারী একে 'ভাষা শহীদ সালাম স্টেডিয়াম' করার ঘোষণা দেন। কিছুদিনের মধ্যেই 'ভাষা শহীদ সালাম স্টেডিয়াম' লেখা সাইন বোর্ডও লাগানো হয়। ২০০৩ সালে কে বা কারা আবার সাইন বোর্ড মুছে 'ফেনী স্টেডিয়াম' লিখে রাখে। সে সময় এ নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর আগের নাম ফিরে পায় স্টেডিয়ামটি। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৭ ঘ.