চট্টগ্রাম, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে শনিবার সকালে একটি জাহাজ (কোস্টাল ভেসেল) ডুবে গেছে।
দুর্ঘটনার পর উপকূল রক্ষী বাহিনীর (কোস্টগার্ড) সদস্যরা ডুবে যাওয়া জাহাজটিকে টেনে আনোয়ারার গহিরা উপকূলে নিয়ে যায়। জাহাজটির ১১ ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে।
তবে এতে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল ব্যাহত হয়নি।
বন্দর রেডিও কন্ট্রোল কর্মকর্তা মোহাম্মদ জহুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল নয়টার দিকে জিপসামবাহী এমভি মডার্ন নামের জাহাজটি বন্দর ছেড়ে যাওয়ার পথে বহির্নোঙরে বন্দরের ড্রেজিং জাহাজ এমভি খনককে ধাক্কা দেয়। এতে তলা ফেটে এমভি মডার্ন ডুবে যায়।
এমভি খনকেরও সামান্য ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনা ঘটলেও বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক ও নিরাপদ রয়েছে।
দুর্ঘটনাকবলিত জাহাজটিকে টেনে আনোয়ারার গহিরা উপকূলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৭৩০ ঘ.
bdnews24