২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলায় ১০ চিকিৎসক আহত, রংপুর মেডিকেলে অনির্দিষ্টকালের ধর্মঘট

রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে শনিবার দুপুরে সন্ত্রাসী হামলায় ইন্টার্নি ডক্টরস এসোসিয়েশনের সাবেক সভাপতিসহ ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিকেল থেকে শিক্ষানবিশ (ইন্টার্নি) চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2009, 03:21 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

রংপুর, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে শনিবার দুপুরে সন্ত্রাসী হামলায় ইন্টার্নি ডক্টরস এসোসিয়েশনের সাবেক সভাপতিসহ ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিকেল থেকে শিক্ষানবিশ (ইন্টার্নি) চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। আহতরা হলেন- ইন্টার্নি ডক্টরস এসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. ইমরান, সাধারণ সম্পাদক ডা. অভিজিত কুমার সিংহ, বর্তমান সভাপতি ডা. পিন্টু কান্তি দাস, সাধারণ সম্পাদক ডা. বিজন কুমার বণিক, সাংগঠনিক সম্পাদক ডা. নাহিদ রেজাসহ আরও কয়েকজন। এদের মধ্যে গুরুতর আহত ডা. ইমরানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ডা. ইমরান জানান, দুপুর দেড়টার দিকে রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলার সময় ডা. দেলোয়ারের নেতৃত্বে যুবলীগের লক্ষ্মীণ চন্দ্র দাস ও কোয়েলসহ কয়েকজন তাকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরতর আহত করেন। এ সময় রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আজিজুল ইসলামসহ কয়েকজন শিক্ষক ও চিকিৎসক তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাদেরও অকথ্য ভাষায় গালিগালাজ করেন তারা। এরপর খবর পেয়ে কলেজের সাধারণ ছাত্ররা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলেজ চত্বরে বিকেল সাড়ে ৪টায় বিক্ষোভ করার পর শিক্ষানবিশ চিকিৎসকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন। ইন্টার্নি ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. পিন্টু কান্তি দাস বলেন, "সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।" রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভা আহবান করা হয়েছে। সেখানে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। হাসপাতালের চিকিৎসক ডা. মোস্তফা আহম্মেদ জানান, ইমরানের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এক্স-রে করার পর বিস্তারিত জানা যাবে। ডা. দেলোয়ার তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা তাদের নিজেদের ব্যাপার। আমি তাতে জড়িত না। এ ছাড়া লক্ষীণের সঙ্গে আমার দীর্ঘদিন দেখাও হয়নি।" কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ জানান, কলেজ ও হাসপাতাল চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৭ ঘ.