ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্প্রতি ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পর ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় শিশুরা অসুস্থ হয়নি বলে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
গত ৬ জুন সারাদেশে ২ কোটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল ও ১ কোটি ৯০ লাখ শিশুকে কৃমির ওষুধ খাওয়ানোর কর্মসূচি পালন করা হয়। এসব ওষুধ খাওয়ার পর কয়েকশ শিশু অসুস্থ হয়ে পড়ে। জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, প্রচন্ড গরমে শিশুরা অসুস্থ হয়ে পড়ে। এছাড়া শিশুদের মধ্যে অনেকেই ডায়রিয়া অথবা বুকের নানা রোগে আগে থেকেই ভুগছিল। তবে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি গ্রীষ্মকাল এড়িয়ে এবং সতর্কতার সঙ্গে পরিচালনার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কার্যক্রমের পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গঠিত কমিটি দীর্ঘ তদন্ত শেষে গত বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রীর কাছে জমা দেয়।
তদন্তকালে কমিটির সদস্যরা ফরিদপুর, রাজবাড়ী ও গোয়ালন্দসহ বিভিন্ন এলাকা পরিদর্শন, অসুস্থ শিশুদের অভিভাবক, চিকিৎসক এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
কমিটির এ প্রতিবেদন সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রী বলেন, কৃমিনাশক ওষুধ খেলে এমনিতেই শিশুদের মধ্যে মাথা-ব্যাথাসহ বিভিন্ন অসুবিধা দেখা দিতে পারে। এর মধ্যে আবার প্রচণ্ড গরম এবং ওইসব এলাকায় আগে থেকেই ডায়রিয়ার প্রকোপ থাকায় এসব শিশু অসুস্থ হয়ে পড়ে। তবে এ সংখ্যা অত্যন্ত নগণ্য।
তিনি জানান, ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের আওতায় দেশের প্রায় পৌনে দুই কোটি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়। এর মধ্যে অসুস্থ হয়ে পড়ার সংখ্যা কয়েকশ' মাত্র। ওষুধের প্রভাবে অসুস্থ হলে, আরো অনেকেরই অসুস্থ হওয়ার হওয়ার কথা ছিল। ওই সময় মারা যাওয়া শিশু হাবিবও আগে থেকেই রোগে আক্রান্ত ছিল। কিন্তু তাকে আগের রোগের চিকিৎসা না দিয়েই এ ওষুধ খাওয়ানো হয়। ফলে অসুস্থ হয়ে তার মৃত্যু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
রুহুল হক বলেন, "এ ধরনের ঘটনায় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ওই সব শিশুর মৃত্যু হয়নি। এরপরও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহায়তায় সরকার এসব ওষুধের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছে। শিগগিরই এর প্রতিবেদনও পাওয়া যাবে। এমন কিছু পাওয়া গেলে সরকার সেক্ষেত্রে ব্যবস্থা নেবে।"
স্বাস্থ্য সচিব শেখ আলতাফ আলী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮৫৭ ঘ.
bdnews24