বাগেরহাট, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটে জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় রোববার ব্যাপক হট্টগোল হয়েছে। হট্টোগোলের মধ্যে ফকিরহাট উপজেলা চেয়ারম্যান একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লক্ষ্য করে গ্লাস ছুড়ে মারেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করেছেন।
হইচইয়ের এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যানরা শরণখোলা ও চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রত্যাহারের দাবিতে সভা বয়কট করেন। প্রায় দুই ঘণ্টা পর চেয়ারম্যানদের ছাড়াই মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালে চেয়ারম্যানরা সভা কক্ষের পাশে জেলা প্রশাসকের কক্ষে বসে ছিলেন।
বাগেরহাটের জেলা প্রশাসক মু. মুয়াজ্জেম হোসাইন বলেন, "এটা সামান্য একটি ঘটনা। আমরা বিষয়টি সমাধান করে নিয়েছি।"
দুই ইউএনওকে প্রত্যাহার বিষয়ে চেয়ারম্যানদের দাবির কথা অস্বীকার করেন তিনি।
সভায় উপস্থিত থাকা কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল বেলা ১১টায় জেলা প্রশাসক মু. মুয়াজ্জেম হোসাইনের সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা শুরু হয়। ফকিরহাট উপজেলা চেয়ারম্যান সরদার নিয়ামত হোসেন দাঁড়িয়ে উপজেলা চেয়ারম্যান ও ইউএনওদের দায়িত্ব এবং এখতিয়ার সম্পর্কে সভার সভাপতি জেলা প্রশাসক মু. মুয়াজ্জেম হোসাইনের কাছে জানতে চান।
এক পর্যায়ে চেয়ারম্যানরা বলেন, জনগণের প্রতিনিধি হয়েও তারা ভ্যান রিকশায় চড়ে জনগণের সেবা করছেন। আর ইউএনও সাহেবরা পাজেরো হাকিয়ে চলছেন। তারা চাইলে তাদের পাজেরো গাড়ি চড়া বন্ধ করে দিতে পারেন।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম চেয়ারম্যানদের কাজ নিয়ে প্রশ্ন তোলেন এবং গাড়ি কেড়ে নেবেন বলে চেয়ারম্যানদের বক্তব্যের প্রতিবাদ জানান।
তার বক্তবকে সমর্থন করেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল হাসান। তিনি চেয়ারম্যানদের এ ধরনের বক্তব্য বন্ধ করতে সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় চেয়ারম্যান সরদার নিয়ামত তাকে লক্ষ্য করে টেবিলে থাকা একটি গ্লাস ছুড়ে মারেন।
ফকিরহাট উপজেলা চেয়ারম্যান সরদার নিয়ামত হোসেন গ্লাস ছুড়ে মারার অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, "গত প্রায় পাঁচ মাস ধরে আমরা এক প্রকার কাজ ছাড়া বসে আছি। আইন অনুযায়ী আমাদের যা প্রাপ্য তাও আমাদের দেওয়া হচ্ছে না।"
শরণখোলা ও চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রত্যাহার দাবি করে তিনি বলেন, "অন্যথায় বাগেরহাটের উপজেলা চেয়ারম্যানরা আর কোন সভায় উপস্থিত হবেন না।"
এ ব্যাপারে মোরেলগঞ্জের উপজেলা চেয়ারম্যান প্রবীর রঞ্জন হালদার বলেন, "উপজেলা পরিষদ আইন ২০০৯ এর ২০ ও ৩৩ ধারায় চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব ও কাজ সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে। কিন্তু সেই ব্যাখ্যা অনুযায়ী চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হচ্ছে না। বরং ইউএনওরা সব সময় চেয়ারম্যানদের উপর খবরদারি করার চেষ্টা করছেন।"
কচুয়া উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান মাফুজ বলেন, "এখনকার বেশিরভাগ ইউএনওই হলেন জোট সরকারের রেখে যাওয়া ক্যাডার। আওয়ামী লীগ সরকার যখন দেশের উন্নয়নের স্বার্থে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে চাচ্ছে তখন এই সব ক্যাডাররা তা বাধাগ্রস্ত করছে।"
শরণখোলা ও চিতলমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম ও সোহেল হাসান বলেন, সভার শুরুতেই ফকিরহাটের উপজেলা চেয়ারম্যান জেলা প্রশাসককে অগ্রাহ্য করে অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। তাকে শান্ত করতে গেলে তিনি উত্তেজিত হয়ে গ্লাস ছুড়ে মারেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজম খান বলেন, "আইন অনুযায়ী উপজেলা চেয়ারম্যানদের প্রাপ্য সম্মান দেওয়া হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে প্রশাসন চলে না। যে কোন সিদ্ধান্তই আন্ত:মন্ত্রণালয়ের সভায় আলোচনার পর অনুমোদন করা হয়। তারপরই সেটা স্থানীয় পর্যায়ে বাস্তবায়িত হয়।"
তিনি বলেন, "এক একটি উপজেলায় নব্বই থেকে একশ' কমিটি থাকে। কোন কমিটির প্রধান কে হবেন, কে কি দায়িত্ব পালন করবেন সে সম্পর্কে নির্দেশনা রয়েছে। চেয়ারম্যানদের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোন বিরোধ নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৭ ঘ.
bdnews24