বাগেরহাট, জুন ১৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি চিংড়ি ঘের দখলের অভিযোগে শনিবার রাতে পঞ্চকরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মাওলানা আব্দুল খালেক (৫৭) এবং তার তিন ছেলেসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় চেয়ারম্যানের লাইসেন্স করা বন্দুকও জব্দ করা হয়।
গ্রেপ্তার করা অপর ১২জন হলেন- চেয়ারম্যানের তিন ছেলে সোহাগ কাজী (২৮), হাসান কাজী (২৫) ও হাসিব কাজী (২৩), নজির খান (৩৫), ওহিদুল শিকদার (৪৮), বাহাদুর শিকদার (৪৬), আবুল বাশার (৪৪), নান্টু শিকদার (৪০), মিরাজ শিকদার (৩২), মাসুম শিকদার (৩৮), টুকু হাওলাদার (৩৫) ও বাবুল মাতুব্বর (৪৮)। এদের বাড়ি মোড়েলগঞ্জের সোনাখালী, খারুইখালী ও পঞ্চকরণ গ্রামে।
রোববার বিকেলে আদালতের মাধ্যমে এদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মোড়েলগঞ্জ থানার উপ-পরিদর্শক রিয়াজুল ইসলাম।
তিনি জানান, শনিবার রাতে চেয়ারম্যান খালেকের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি পঞ্চকরণ গ্রামে একতা গণ ঘের নামে একটি চিংড়ি ঘেরে হামলা চালায়। হামলাকারীরা ঘের মালিক আজিজ শরীফকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়। আহতাবস্থায় তাকে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনার পর ঘেরের বাকি অংশীদার এবং স্থানীয় জনগণ সংঘবদ্ধ হয়ে চেয়ারম্যানের বাড়ি ঘিরে ফেলে। এ সময় চেয়ারম্যান আব্দুল খালেক তার লাইসেন্সকৃত বন্দুক দিয়ে সাত রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চেয়ারম্যানসহ ১৩ জনকে গ্রেপ্তার করে।
চিংড়ি ঘের মালিক খলিল শরীফ চেয়ারম্যানসহ ২২ জনকে আসামি করে মোড়েলগঞ্জ থানায় একটি মামলা করেছেন বলে উপপরিদর্শক রিয়াজুল ইসলাম জানান।
বাগেরহাট আদালতে চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক ঘের দখলের কথা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, "স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা শনিবার রাতে পরিকল্পিতভাবে তার বাড়িতে হামলা চালায়। আত্মরক্ষার্থে তিনি তার লাইসেন্স করা বন্দুক দিয়ে সাত রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমএসবি/১৭১৪ ঘ.
bdnews24