২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার চোরাচালান মামলায় জবানবন্দি দিলেন সাহাব

দশ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাব উদ্দিন আরও এক দফা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। তবে এবার তিনি জবানবন্দি দিচ্ছেন অস্ত্র চোরাচালান মামলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2009, 08:31 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

চট্টগ্রাম, জুন ১৩ (বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম) - দশ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাব উদ্দিন আরও এক দফা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। তবে এবার তিনি জবানবন্দি দিচ্ছেন অস্ত্র চোরাচালান মামলায়। চট্টগ্রাম মহানগর হাকিম মাহবুবুর রহমানের খাস কামরায় শনিবার বিকেল সাড়ে চারটায় তিনি জবানবন্দি দেওয়া শুরু করেন। রাত দু'টাতেও তার জবানবন্দি নথিক্তুক্ত করার কাজ চলছিল। জবানবন্দি দেওয়ার পর তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হবে বলে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি'র সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান চৌধুরী জানান। এর আগে গত ১৫ মে সাবেক এই এনএসআই কর্মকর্তা সিইউএফএল জেটিতে দশ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের করা অস্ত্র মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তৃতীয় দফায় চারদিনের জিজ্ঞাসাবাদ শেষে বিমান বাহিনীর সাবেক এই কর্মকর্তা সাহাব উদ্দিন অস্ত্র চোরাচালান মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন। দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় গত ৩ জুন সাহাবকে তৃতীয় বারের মতো চারদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। গত ৯ জুন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে সিআইডি'র কর্মকর্তারা। শুক্রবার জিজ্ঞাসাবাদের শেষদিন তিনি চোরাচালান মামলায় আদালতে জবানবন্দি দিতে রাজি হন। এর আগে তার ১৫ মে'র জবানবন্দির প্রেক্ষিতে এনএসআই'র সাবেক দুই মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেনকে গ্রেপ্তার করা হয়। ২ মে গভীর রাতে ঢাকার গ্রিন রোডের বাসা থেকে সিআইডি পুলিশ সাহাবকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/টিআর/০২২৫ ঘ.