নাটোর, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের লালপুর উপজেলায় মঙ্গলবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর তার সহপাঠিরা চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও করে।
তারা চিকিৎসকের শাস্তি দাবি করে মিছিল ও সমাবেশ করে।
মৃত ছাত্রের নাম মিলন কুমার পাল। তিনি উপজেলার মাধবপুর গ্রামের অধীর কুমার পালের ছেলে।
মিলনের পরিবারের সদস্যরা জানায়, মঙ্গলবার সকালে লালপুর কলেজের ছাত্র মিলন ব্যবহারিক পরীক্ষার প্রস্তুতির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে লালপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, মিলন মারা গেছেন।
পরিবারের সদস্যরা দাবি করেন, মিলনকে বাড়ি আনার পর তার হৃদস্পন্দন আবার সচল হয়। এ অবস্থায় তাকে আবার হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত বলে জানান।
পরে বাড়িতে আনার পর মিলনের সংজ্ঞা ফিরে আসে এবং তিনি পিপাসার্ত বলে জানালে তাকে দুধ পান করানো হয়। এর পরপরই তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শাহ আলম সাংবাদিকদের বলেন, হাসপাতালের রেকর্ড অনুযায়ী বিদ্যুৎস্পৃষ্ট রোগী মিলন কুমার পালকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তরও করা হয়।
অভিযোগের ব্যাপারে তিনি বলেন, "এ ধরনের রোগী মৃত্যু হওয়ার পরও অনেক সময় নড়াচড়া করতে পারে। যাকে ডাক্তারি ভাষায় বলা হয় 'ব্রেইন ডেড'।"
কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাক বলেন, "কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার পরও অনেক সময় শরীর সংকুচিত ও প্রসারিত হয়। একে সাধারণ মানুষ জীবিত আছে বলে ধারণা করে। এ রকম ভ্রান্ত ধারণা থেকে তারা অভিযোগ আনতেই পারে।"
মিলনের খবর পেয়ে তার সহপাঠিরা হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। তারা প্রায় এক ঘণ্টা হাসপাতাল ঘেরাও করে রাখে।
এ সময় তারা মিছিল ও সমাবেশ করে অভিযোগ করেন, চিকিৎসকের অবহেলার কারণেই মিলন মারা গেছে। তারা ওই চিকিৎসকের শাস্তি দাবি করেন।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮২০ ঘ.
bdnews24