২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ দুজন নিহত

নগরীর খুলশী ও কদমতলী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন সেনা সদস্য ও একজন পথচারী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 10:49 AM

Updated : 26 Aug 2022, 11:30 AM

চট্টগ্রাম, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর খুলশী ও কদমতলী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন সেনা সদস্য ও একজন পথচারী মারা গেছেন। এর মধ্যে শনিবার দুপুরে খুলশী এলাকায় ট্রাকের ধাক্কায় মারা গেছেন সেনা বাহিনীর ল্যান্স করপোরাল আজম খান (৪০)। রোববার সকালে কদমতলীতে বাস চাপায় নিহত হয়েছেন আবদুল ওহাব (৩৫)। আহত হয়েছেন পরিবহন শ্রমিকসহ তিনজন। ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) এম এ হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাড়ে আটটার দিকে নোয়াখালী অভিমুখী একটি যাত্রীবাহী বাস কদমতলী বাস স্ট্যান্ড থেকে বের হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকায় একটি রিকশা ভ্যানকে ধাক্কা দেয়। এসময় রাস্তায় থাকা ওহাবসহ চারজন গুরুতর আহত হন। তিনি জানান, আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতলে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। ওহাবের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়। আহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ বাসটিকে আটক করেছে বলে এসআই হালিম জানান। খুলশী থানার এসআই আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বায়েজীদ বোস্তামী সড়কের বেবী সুপার মার্কেটের সামনে একটি দ্রুতগামী ট্রাক যাত্রীবোঝাই টেম্পোকে ধাক্কা দেয়। এতে আহত হন টেম্পোযাত্রী সেনা সদস্য আজম। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এসআই বাতেন জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৬৩৯ ঘ.