২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুমাস আসার আগেই মৌসুমী ফল রাজধানীর বাজারে

মধুমাস আসার আগেই মৌসুমী ফল উঠতে শুরু করেছে রাজধানীর বিভিন্ন বাজারে। ফলের দোকানে দেখা যাচ্ছে আম, জাম, কাঁঠাল, লিচু, জামরুল, কামরাঙা প্রভৃতি ফল। তবে দাম একটু বেশি। পুরো মৌসুম শুরু হয়নি বলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2009, 12:56 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মধুমাস আসার আগেই মৌসুমী ফল উঠতে শুরু করেছে রাজধানীর বিভিন্ন বাজারে। ফলের দোকানে দেখা যাচ্ছে আম, জাম, কাঁঠাল, লিচু, জামরুল, কামরাঙা প্রভৃতি ফল। তবে দাম একটু বেশি। পুরো মৌসুম শুরু হয়নি বলে। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উল্টোদিকের ফল বিক্রেতা জাহাঙ্গীর হোসেন শুক্রবার দুপুরে জানালেন, তারা প্রতি কেজি হিমসাগর আম ৯০ থেকে ১৩০ টাকা, ল্যাংড়া ১০০ থেকে ১২০ এবং গোবিন্দ ভোগ বিক্রি করছেন ৯০ থেকে ১০০ টাকা দরে। তিনি মাঝারি আকৃতির কাঁঠাল ১৮০ থেকে ২২০ টাকা এবং জামরুল কেজি প্রতি ৬০ থেকে ৮০ ও জাম ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি করছেন বলে জানান। মিরপুংর ১০ নম্বর এলাকার ফল বিক্রেতা আবু বকর জানালেন, তিনি এক শ' বোম্বাই লিচু ৪৫০ থেকে ৫০০ এবং দেশি লিচু ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি করছেন। এছাড়া তরমুজের আকৃতি অনুযায়ী প্রতিটি ১০০ থেকে ২৫০ টাকা, বাঙ্গী ৩০ থেকে ১২০ টাকা এবং কামরাঙা প্রতি কেজি ২০০ থেকে ২৫০ টাকা, সফেদা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বায়তুল মোকাররম এলাকার ফল বিক্রেতা জাহাঙ্গীর হোসেন জানালেন, এখন মৌসুমের শুরু হওয়ায় দাম একটু বেশি। জৈষ্ঠ্য মাসের প্রথম সপ্তাহেই দাম কিছুটা কমবে। তবে ফারুক হোসেন নামের এক ক্রেতা অভিযোগ করলেন, ফলগুলো যথেষ্ট মিষ্টি নয়। বেশ কিছুক্ষণ দামাদামির পর ১০০ টাকা দিয়ে এক কেজি হিমসাগর কেনার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এ মৌসুমে আগেও একদিন হিমসাগর কিনেছি। কিন্তু তা ভালো ছিল না। আজ দেখি মিষ্টি হয় কিনা।" বেশি দাম দিয়ে বিক্রির জন্য ঔষুধ দিয়ে তাড়াতাড়ি আম পাকিয়ে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করলেন ফারুক। তবে এই অভিযোগ মানতে নারাজ জাহাঙ্গীর। তার দাবি, যে ফলগুলো পেকেছে সেগুলোই কেবল বিক্রি করা হচ্ছে। আমের মিষ্টি পরখ করেও দেখাচ্ছেন তিনি। এজন্য মাঝে-মধ্যে তাকে অবশ্য একটি করে আম কাটতে হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিআর/১৯০০ ঘ.