জামালপুর, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চেচিয়া বাঁধা কান্দারপাড়া বাজারে বুধবার রাতে ডাকাতের ছুরিকাঘাতে আন্না বেগম (৫০) নামে এক মহিলা নিহত এবং তার স্বামী ছাইদুর রহমান মাস্টার আহত হয়েছেন।
সরিষাবাড়ি তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হযরত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত আড়াইটার দিকে একদল ডাকাত ছাইদুরের বাড়িতে ঢুকে ঘরের দরজায় ধাক্কা দিলে তার স্ত্রী দরজা খুলে দেন। এ সময় ডাকাতের ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন। তাদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে আন্না বেগম মারা যান।"
হযরত আলী আরো জানান, ওই পরিবারের সঙ্গে কারো কোনো বিরোধ নেই বলে জানা গেছে। তবে এটি ডাকাতি না অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এইচএ/১১৪০ঘ.
bdnews24