পাবনা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার বেড়া উপজেলার শানিলাপাড়া এলাকা থেকে রোববার একশ' মণ ভেজাল দুধ এবং গবাদি পশুর বিপুল পরিমাণ নকল ওষুধ আটক করা হয়েছে।
পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইমাম উদ্দিন কবির ও র্যাব কর্মকর্তা আখতারুজ্জামানের নেতৃত্বে আইন-শৃৃঙ্খলা রক্ষা বাহিনী এসব দুধ ও ওষুধ আটক করে।
ভেজাল দুধ ও ওষুধ তৈরি এবং বাজারজাত করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রাণ ডেইরির এজেন্টসহ ১৫ জনকে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেজ ইমাম উদ্দিন সাংবাদিকদের জানান, ভেজাল দুধ আটক করে তা ফেলে দেওয়া হয়েছে।
এ ঘটনায় আটক করা হয়েছে- প্রাণ ডেইরির স্থানীয় এজেন্ট পরিমল ঘোষ, এহসান ডেইরির এজেন্ট আব্দুল গাফফার, দুধ ব্যবসায়ী আইয়ুব আলী, পরিমল কর্মকার, আশকার আলী, জাহাঙ্গীর আলম, ইউনুস আলী, আব্দুল হাই, জয়, আমির হামজা, শাহিনুর, আখতার, তরিকুল, আব্দুল লতিফকে।
এছাড়া দুটি গুদাম থেকে প্রায় এক কোটি টাকা মুল্যের নকল ওষুধ আটক করা হয়েছে। গবাদি পশুর নকল ওষুধ তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তিকে।
এদের সবাইকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ম্যাজিস্ট্রেট জানান।
তিনি জানান, পাবনার ফরিদপুর, ভাঙ্গুড়া, সাঁিথয়া, চাটমোহর এবং সুজানগর উপজেলার দুগ্ধ খামার থেকে সরকারি দুগ্ধ উৎপাদক প্রতিষ্ঠান মিল্ক ভিটাসহ বিভিন্ন প্রতিষ্ঠান দুধ সংগ্রহ করে থাকে। এর মধ্যে বাঘাবাড়ী দুগ্ধ খামার (মিল্ক ভিটা) প্রতিদিন ৪০১টি সমবায় সমিতির মাধ্যমে প্রায় এক লাখ ৪৩ হাজার লিটার দুধ সংগ্রহ করে থাকে।
এছাড়া প্রাণ ডেইরি, আড়ং দুধ, আকিজ ডেইরি, এহসান ডেইরি তাদের স্থানীয় এজেন্টের মাধ্যমে প্রায় ৫০ হাজার লিটার দুধ সংগ্রহ করে থাকে।
ম্যাজিস্ট্রেট ইমাম উদ্দিন বলেন, দুধ থেকে ছানা তুলে নেওয়ার পর যে পানি থাকে সেটাই ভেজাল দুধ তৈরির মূল উপাদান। এক শ্রেণীর মুনাফা লোভী ব্যবসায়ী ননি, লোহা কাটার কাছে ব্যবহৃত তেল, সোডা, লবণ ও চিনি মিশিয়ে ভেজাল তরল দুধ তৈরি করে।
কিছুদিন আগে পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম প্রাণ ডেইরি, আকিজ ডেইরি এবং ব্র্যাকের আড়ং দুধে ভেজাল পাওয়ায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করেন।
এর আগে ভেজাল দুধ তৈরির জন্য ফরিদপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা খলিলুর রহমানের নেতৃত্বে প্রাণ ডেইরিকে ১৫ হাজার, আড়ং দুধকে ১০ হাজার, আকিজ ডেইরিকে ১০ হাজার, এহসান ডেইরিকে ১০ হাজার, দুধ সরবরাহকারী তিন ব্যক্তিকে ২৪ হাজার টাকা জরিমানা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৯ ঘ.
bdnews24