ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রতিবারের মতো এবারও সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বড় ধরনের কাঁটছাট করা হয়েছে। এবার ২৫৬০০ কোটি টাকার মূল এডিপি থেকে ২৬০০ কোটি টাকা ছেঁটে ২৩০০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে।
বাস্তবায়ন আশানুরূপ না হওয়ায় এডিপি'র আকার কমানো হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এই সংশোধিত এডিপি অনুমোদন দেয়া হয়েছে বলে বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের জানান।
সভায় এনইসি'র চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
সংশোধিত এডিপিতে (আরএডিপি) টাকার পরিমাণ কমলেও প্রকল্প বেড়েছে ১২৮টি।
তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নেয়া চলতি ২০০৮-০৯ অর্থবছরের বাজেটে মূল এডিপির আকার ছিল ২৫৬০০ কোটি টাকা।
মূল এডিপিতে প্রকল্প সংখ্যা ছিল মোট ৯০৪টি। সংশোধিত এডিপিতে তা বেড়ে ১০৩২টিতে দাঁড়িয়েছে।
এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, "নতুন সরকার ক্ষমতায় আসার পর জনগুরুত্বপূর্ণ কিছু খাতে খুবই প্রয়োজনীয় কিছু প্রকল্প গ্রহন করায় সংশোধিত এডিপিতে প্রকল্প সংখ্যা বেড়েছে।"
অর্থবছর শেষে ২৩০০০ কোটি টাকার সংশোধিত এডিপি'র পুরোটা বাস্তবায়ন করা যাবে কিনা- এ প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী বলেন, "আমরা সংশোধিত এডিপি'র পুরোটা বাস্তবায়নের চেষ্টা করবো। তবে সবটা না হলেও ৮৫ থেকে ৯০ শতাংশ পর্যন্ত বাস্তবায়ন হবে বলে আশা করছি।"
২০০৭-০৮ অর্থবছরের মূল এডিপির আকার ছিল ২৬৫০০ কোটি টাকা। সংশোধিত এডিপিতে তা কমিয়ে ২২৫০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়। গত অর্থবছর্ েমূল এডিপিতে প্রকল্প সংখ্যা ছিল মোট ৯৩১টি। সংশোধিত এডিপিতে তা বেড়ে ১০৫৮ টিতে দাঁড়িয়েছিল।
এনইসি বৈঠকে উত্থাপিত সংশোধিত এডিপি সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য বছরের মতো চলতি অর্থ বছরেও দেশজ সম্পদ, বৈদেশিক অর্থায়ন, দেশের সামষ্ট্রিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় সম্পদ লভ্যতা এবং বিভিন্ন খাতে বরাদ্দ ব্যবহারের আলোকে এডিপি সংশোধন করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সংশোধিত এডিপিতে অভ্যন্তরীন উৎসের (স্থানীয় সম্পদ) পরিমান হচ্ছে ১২৮০০ কোটি টকা (৫৬ শতাংশ) এবং প্রকল্প সাহায্য ১০২০০ কোটি টাকা (৪৪ শতাংশ)। মূল এডিপি থেকে সংশোধিত এডিপি ১০ শতাংশ হ্রাস পেয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) মূল এডিপি'র ৪১ শতাংশ বাস্তবায়ন হয়েছে। গত অর্থ বছরের একই সময়ে এ হার ছিল ৩৬ শতাংশ।
সংশোধিত এডিপিতে পাঁচটি খাতকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। কৃষি, পল্ল
bdnews24