২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচিত উপজেলা পরিষদ বিল পাস

সাংসদদের হাতে সব ক্ষমতা রেখে আলোচিত 'উপজেলা পরিষদ বিল ২০০৯' সর্বসম্মতভাবে পাস হয়েছে। এছাড়া গ্রাম সরকার ব্যবস্থা বাতিল করে পাস হয়েছে 'গ্রাম সরকার (রহিতকরণ) বিল ২০০৯'। জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির পর কণ্ঠভোটে বিল দু'টি পাস হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 02:33 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদদের হাতে সব ক্ষমতা রেখে আলোচিত 'উপজেলা পরিষদ বিল ২০০৯' সর্বসম্মতভাবে পাস হয়েছে। (বিস্তারিত) এছাড়া গ্রাম সরকার ব্যবস্থা বাতিল করে পাস হয়েছে 'গ্রাম সরকার (রহিতকরণ) বিল ২০০৯'। জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির পর কণ্ঠভোটে বিল দু'টি পাস হয়। এরআগে যাচাই-বাছাইয়ের জন্য বিল দুটি কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। গত ২৪ ফেব্র"য়ারির অধিবেশনে উপজেলা পরিষদ (রহিত আইন পুনঃপ্রচলন ও সংশোধন) বিল ২০০৯ সংসদে উত্থাপন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পরীক্ষা-নিরীক্ষার পর এই বিলটি সর্বসম্মতভাবে পাস করার সুপারিশ করে। বিলটি আইন আকারে কার্যকর হলে সাংসদরা হবেন উপজেলা পরিষদের উপদেষ্টা এবং পরিষদ উপদেষ্টার পরামর্শ গ্রহণ করতে বাধ্য থাকবে। ২০০৮ সালের জুন থেকে এ আইন কার্যকর বলে ধরা হবে। এই আইন কার্যকরের পর সরকারের সঙ্গে কোনো বিষয়ে পরিষদের যোগাযোগের প্রয়োজনেও সংশ্লিষ্ট এলাকার সাংসদকে অবহিত করতে হবে। উপজেলা পরিষদের উন্নয়ন পরিকল্পনায় সংশ্লিষ্ট সাংসদদের সুপারিশ গ্রহণ করাও বাধ্যতামূলক করা হয়েছে। উপজেলা পরিষদ বিল ২০০৯ অনুযায়ী, দেশের ৬৪ জেলার ৪৮২টি উপজেলার উপজেলা পরিষদে আইন-শৃঙ্খলা, যোগাযোগ ও ভৌত অবকাঠামো উন্নয়ন, কৃষি ও সেচ, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, যুব ও ক্রীড়া উন্নয়ন, মহিলা ও শিশু উন্নয়ন, সমাজকল্যাণ, ভূমি, মৎস্য ও পশুসম্পদ, পল্লী উন্নয়ন ও সমবায়, তথ্য ও সংস্কৃতি, বন ও পরিবেশ, বাজার মূল্য পর্যবেক্ষণ-মনিটরিং ও নিয়ন্ত্রণে স্থায়ী কমিটি গঠন করা হবে। এদিকে, উপজেলা পরিষদ বিলে সাংসদদের ব্যাপক কর্তৃত্ব বাতিলের জন্য গাজীপুর-১ আসনের আওয়ামী লীগ সাংসদ আ ক ম মোজাম্মেল হক ৬ ও ২০ দফা সংশোধন এবং ২৫ দফাটি বর্জনের জন্য সংশোধনী আনেন। কিন্তু পরে স্পিকার আব্দুল হামিদ সংশোধনীগুলো উপস্থাপনের আহ্বান জানালে তিনি তা প্রত্যাহার করে নেন। এসময় উপস্থিত সাংসদরা টেবিল চাপড়ে মোজাম্মেল হককে ধন্যবাদ জানান। এরপর আব্দুল মতিন খসরু তার সংশোধনী উত্থাপনের জন্য দাঁড়ালে সব সাংসদই তার বিরোধিতা করেন। তবে সাবেক এই আইন মন্ত্রী সংসদে দাঁড়িয়ে ২৩ দফায় প্রস্তাবিত ৩৩ ধারা প্রতিস্থাপনের কথা বলেন। তার এই সংশোধনী সর্বসম্মতভাবে গৃহীত হয়। আগের দফায় ছিলো, "উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হবেন এবং তিনি পরিষদের সাচিবিক সহায়তা দেবেন।" সংশোধিত দফায় বলা হয়েছে, 'উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিষদের সচিব হবেন এবং তিনি পরিষদকে সাচিবিক সহায়তা দেবেন।" বিলটি পাস করার আগে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "আওয়ামী লীগ উপজেলায় বিশ্বাস করে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে উপজেলা নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে প্রস্তাব করে। কিন্তু, তখনকার রাষ্ট্রপতির জন্য এই নির্বাচন হয়নি। এই আইনটি থাকা সত্ত্বেও ২০০১ সালে ক্ষমতায় আসার পর জোট সরকার উপজেলা নির্বাচন করেনি। কারণ, তারা উপজেলা পদ্ধতিতে বিশ্বাস করে না। ২০০৮ সালের অধ্যাদেশে উপজেলা পরিষদে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়নি। আমরা সংশোধন করে উপজেলা পরিষদে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করি।" সংবিধানের ৫৯ অনুচ্ছেদ অনুসারে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে উপজেলা পরিষদ নামে স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠান স্থাপনের ও আনুষঙ্গিক অন্যান্য বিষয়ের বিধান সম্বলিত উপজেলা পরিষদ আইন ১৯৯৮ ওই বছরের ৩ ডিসেম্বর রাষ্ট্রপতির সম্মতি লাভ করে। তত্ত্বাবধায়ক সরকার 'স্থানীয় সরকার প্রতিষ্ঠান গতিশীল ও শক্তিশালীকরণ' কমিটির প্রতিবেদন ও সুপারিশের পর ২০০৮ সালে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ রহিত করে স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) অধ্যাদেশ ২০০৮ জারি করে। স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) অধ্যাদেশ ২০০৮ এর আওতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়। গ্রাম সরকার (রহিতকরণ) বিল গত ২ মার্চ জাতীয় সংসদে গ্রাম সরকার (রহিতকরণ) বিল ২০০৯ উত্থাপিত হওয়ার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটি পরীক্ষা-নিরীক্ষার পর এই বিলটি সর্বসম্মতভাবে পাস করার সুপারিশ করে। সংবিধানের ৫৯ অনুচ্ছেদ অনুসারে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গ্রাম সরকার নামে স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠান স্থাপনের ও আনুষঙ্গিক অন্যান্য বিধান সম্বলিত 'গ্রাম সরকার আইন ২০০৩'-এ ২০০৩ সালের ২৭ ফেব্র"য়ারি রাষ্ট্রপতি সম্মতি দেন। ওই বছরই আইনটিকে চ্যালেঞ্জ করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট হাইকোর্টে মামলা করলে গ্রাম সরকার আইনকে অসাংবিধানিক ও অকার্যকর বলে রায় দেয় আদালত। তৎকালীন সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ-টু-আপিল করলেও তা খারিজ হয়ে যায়। তত্ত্বাবধায়ক সরকারের সময় উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদন নিয়ে গ্রাম সরকার (রহিতকরণ) অধ্যাদেশ ২০০৮ জারি করা হয়। গ্রাম সরকার আইন বাতিলের পক্ষে যুক্তি উপস্থাপন করতে গিয়ে সৈয়দ আশরাফুল বলেন, "এই আইনটি স্থানীয় ক্ষেত্রে কোনো অবদানই রাখতে পারেনি। তহবিল তসরুপ হয়েছে বলেও অভিযোগ এসেছে। কত টাকার অপচয় হয়েছে তা বের করতে একটি তদন্ত কমিটি হতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/পিসি/এএল/এসকে/২১১৫ঘ.