সাতক্ষীরা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার দেবহাটা উপজেলার কালাবাড়িয়া এলাকার খুনকরচরে সোমবার ভোররাতে এক চিংড়ি ঘের মালিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত অহিদুজ্জামান (২৮) উপজেলার শিমুলিয়া গ্রামের আনসার আমিনের ছেলে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হেকিম জানান, সোমবার রাতে দেবহাটা উপজেলার গাজিরহাট থেকে মাহফিল শুনে এসে অহিদুজ্জামান খুনকরচরের নিজের বাসায় ঘুমিয়ে পড়েন। ভোররাতের দিকে অজ্ঞাত পরিচয় কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে হত্যা করে।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হত্যাকাণ্ডের সময় অহিদুজ্জামানের বাসায় আরও দুজন ছিলেন। পুলিশ তাদের খুঁজছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৪ ঘ.
bdnews24