২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুন নাগাদ ঢাকা-চট্টগ্রাম চার লেন নির্মাণ শুরুর সম্ভাবনা

আগামী জুনের মধ্যেই দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা-চট্টগ্রাম চার লেন সড়কের নির্মাণকাজ শুরু হতে পারে। বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর প্রাক-যোগ্যতা যাচাইয়ের কাজ চলছে। এ প্রক্রিয়া সম্পন্ন হলেই সরকার বাস্তবায়ন দরপত্র আহ্বানসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শুরু করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2009, 04:49 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জুনের মধ্যেই দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা-চট্টগ্রাম চার লেন সড়কের নির্মাণকাজ শুরু হতে পারে। বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর প্রাক-যোগ্যতা যাচাইয়ের কাজ চলছে। এ প্রক্রিয়া সম্পন্ন হলেই সরকার বাস্তবায়ন দরপত্র আহ্বানসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শুরু করবে। এছাড়া আগামী বছরের শুরুর দিকে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হবে। যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন বুধবার তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একইসঙ্গে দুর্ঘটনার সংখ্যার বিবেচনায় সবচেয়ে বিপজ্জনক মহাসড়ক ঢাকা-চট্টগ্রাম সড়কের নিরাপত্তা ঝুঁকি কমিয়ে আনার লক্ষ্যে এ সড়কটি চার লেন করার পরিকল্পনা নেওয়া হয়। দরপত্র নিয়ে জটিলতার কারণে প্রকল্পটিতে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল। মন্ত্রী বলেন, "বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বিষয়টি রয়েছে। তাই সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই এজন্য কাজ শুরু করেছে।" প্রক্রিয়া শেষ করেই কাজে হাত দেওয়া হবে বলে তিনি জানান। পদ্মা সেতু নির্মাণের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে আবুল হোসেন জানান, পদ্মা সেতু নির্মাণের অর্থ নিয়ে এর আগে অনেক অনিশ্চয়তা দেখা দিলেও এখন আর তা নেই। এজন্য টাকার কোন সমস্যা হবে না। আগামী ডিসেম্বরের মধ্যেই এর নকশা প্রণয়নের কাজ শেষ হবে। নকশা প্রণয়নে ইতোমধ্যে পরামর্শক নিয়োগ করা হয়েছে। মন্ত্রী বলেন, নকশা চূড়ান্ত হওয়ার পরই এর বাস্তবায়ন দরপত্র আহ্বান করা হবে। এসব প্রক্রিয়া শেষ করে আগামী বছরের শুরুর দিকেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা হবে। তিন বছরের মধ্যেই এর নির্মাণকাজ সম্পন্ন হবে। এজন্য সেতুর দুই দিক থেকেই কাজ করা হবে। কাজের 'স্বচ্ছতা ও দ্রুততার' জন্য একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ পাবে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যেই প্রাক-যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ২০১৩ সালের মধ্যেই সেতুর নির্মাণকাজ শেষ করার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, "অনেকেই মনে করছেন তিন বছরে অর্থাৎ ২০১৩ সালের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ করা যাবে না। তারা মনে করেন ২০১৫ সাল পর্যন্ত সময় লাগবে। কিন্তু পৃথিবীর অনেক দেশেই তিন বছরে এমন সেতু নির্মাণের নজির রয়েছে।" বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দুর্নীতি নিয়ে প্রতিবেদন সম্পর্কে সৈয়দ আবুল হোসেন বলেন, "কয়েকদিন আগে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। সরকার আগামী সাতদিনের মধ্যেই এ বিষয়টি তদন্ত ও খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করবে।" কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। সচিবালয়ে তার দপ্তর সুসজ্জিতকরণ এবং বিলাসবহুল গাড়ি কেনা সংক্রান্ত সংবাদ সম্পর্কে যোগাযোগ মন্ত্রী বলেন, "কক্ষ সজ্জিতকরণ নিয়মিত কাজের একটি অংশ। এখানে অনেক দাতা, কূটনীতিক ও বিদেশী অতিথিরা আসেন। তাই কক্ষটি সংস্কারের জন্য গণপূর্ত বিভাগকে চিঠি দেওয়া হয়েছিল।" গণপূর্ত বিভাগই বাজেট অনুমোদন করে কক্ষটি সংস্কার করেছে উল্লেখ করে মন্ত্রী দাবি করেন, "এতে মন্ত্রণালয় বা মন্ত্রীর কোন হাত নেই।" গাড়ি প্রসঙ্গে সৈয়দ আবুল হোসেন জানান, সড়ক ও জনপথ বিভাগ একটি গাড়ি কেনার প্রক্রিয়া শুরু করেছে। এতে মন্ত্রণালয়ের কোন কিছু নেই। তবে ভুল তথ্য দিয়ে গাড়ি কেনার প্রক্রিয়া শুরু হওয়ায় তা স্থগিত করা হয়েছে। প্রয়োজন হলে তারা যথাযথ তথ্য দিয়ে প্রয়োজনীয় গাড়ি সংগ্রহ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/এসকে/২২৪৪ঘ.