ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের সঙ্গে সীমান্তের নো ম্যানস ল্যান্ড বরাবর ইয়াঙ্গুনের বেড়া নির্মাণের উদ্যোগের ব্যাখ্যা দেওয়ার জন্য ঢাকাস্থ মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
কর্মকর্তারা জানান, রাষ্ট্রদূত ফায়ে থান উ মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে দেখা করবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসান মাহমুদ জানান, বেড়া নির্মাণের ব্যাপারে মিয়ানমারের অবস্থান ব্যাখ্যা করার জন্য তিনি রাষ্ট্রদূত ফায়ে থান উ-কে ডেকে পাঠিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং ওই মন্ত্রণালয়ের সচিব বর্তমানে দেশের বাইরে রয়েছেন।
হাসান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সীমান্ত বরাবর বেড়া নির্মাণে মিয়ানমারের উদ্যোগের ব্যাখ্যা চাওয়ার জন্য আমি রাষ্ট্রদূতকে আগামীকাল (মঙ্গলবার) ডেকে পাঠিয়েছি।"
প্রতিমন্ত্রী বলেন, বেড়া নির্মাণের উদ্যোগের কথা ইয়াঙ্গুন আগেই ঢাকাকে অবহিত করেছে। কিন্তু জিরো লাইন থেকে বেড়া নির্মাণের দূরত্বের ব্যাপারে মিয়ানমার ভিন্ন তথ্য দিয়েছে।
হাসান মাহমুদ বলেন, "তারা আমাদের জানিয়েছে যে সীমান্ত থেকে এক শ' মিটার দূরে বেড়া নির্মাণ করা হবে। কিন্তু এর আগে তারা আমাদের ভিন্ন তথ্য দেয়।"
বেড়া নির্মাণ নিয়ে বিস্তারিত তথ্য জানার জন্য দূতকে ডেকে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
বিরোধপূর্ণ বিষয়ে মিয়ানমারের অবস্থান ব্যাখ্যা করার জন্য গত বছরের নভেম্বরের পর থেকে রাষ্ট্রদূত উ-কে অন্তত দ্বিতীয়বারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো।
তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় মিয়ানমারের অনুপ্রবেশের পর গত বছরের ২ নভেম্বর রাষ্ট্রদূত উ-কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
বাংলাদেশি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী না সা কা সীমান্তবর্তী নাফ নদীর ঠিক ওপারে কিন গুন গ্রামে বেড়া নির্মাণের সরঞ্জাম আনা শুরু করে।
ওইসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, মিয়ানমার মংদো থেকে পালেতওয়া পর্যন্ত বেড়া নির্মাণ করেছে।
না সা কা বাহিনীকে সহায়তার জন্য সীমান্তে ইয়াঙ্গুন সৈন্য সমাবেশও ঘটায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএএইচ/টিআর/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24