ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার ঘটনায় আরো ১২ বিডিআর সদস্যকে আটকের পর লালবাগ থানায় হস্তান্তর করেছে র্যাব।
মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাবের ইন্টেলিজেন্স উইং ও র্যাব-২ এর একটি যৌথদল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই ১২ বিডিআর সদস্যকে আটক করে। তার বিদ্রোহের দিন বিডিআর সদর দপ্তরে থাকলেও সরকারী নির্দেশের পরে আর রিপোর্ট করেনি।
পরে ভিডিও ফুটেজ পরীক্ষা ও বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে ১২ বিডিআর সদস্যকে সদর দপ্তরে হত্যাকান্ড, নির্যাতন ও লুটতরাজের সঙ্গে জড়িত সন্দেহে চিহ্নিত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
তারা হচ্ছে- আরএসবির সুবেদার হাজী মোঃ শফিজ উদ্দিন (৫৫), ১৩ রাইফেলস ব্যাটালিয়নের নায়েব সুবেদার মোঃ হেলাল উদ্দিন (৪৮), ৩৬ রাইফেল ব্যাটালিয়নের নায়েব সুবেদার মোঃ শাহজাহান আলী (৫৫), সদর দপ্তরের হাবিলদার মোঃ বিল্লাল হোসেন খান (৪৫), ৩৫ রাইফেল ব্যাটালিয়নের নায়েক মোঃ মতিউর রহমান খান (৫৭), ৪৪ রাইফেল ব্যাটালিয়নের ল্যান্সনায়েক মোঃ শহিদুল ইসলাম (৩৮), একই ব্যাটালিয়নের সিপাহী মোঃ আব্দুল মতিন (২৫), ১৩ রাইফেল ব্যাটালিয়নের সিপাহী আব্দুল্লা আল মামুন (২০), ৩৬ রাইফেল ব্যাটেলিয়নের সিপাহী ক্লাক মোঃ শহীদুজ্জামান (২৫), ৪৪ রাইফেল ব্যাটালিয়নের সিপাহী এসএম আলতাফ হোসেন (৩৩), সদর দপ্তরের কার্পেন্টার শ্রী নারায়ন কুমার দাস (৩৮) ও ইলেকট্রিশিয়ান মোঃ জাকির হোসেন (৩৮)।
লালবাগ থানার সহ-পরিদর্শক শাহজাহান জানান, র্যাব ১২ বিডিআর সদস্যকে লালবাগ থানায় হস্তান্তর করে। তাদেরকে ইতোপূর্বে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার তাদের আদালতে হাজির করা হবে।
এর আগে গত ১১ তারিখ র্যাব অপর ১২ বিডিআর সদস্যকে আটকের পর লালবাগ থানায় সোপর্দ করে।
র্যাব, সেনাবাহিনীসহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো তদন্তকারি সংস্থা সিআইডিকে প্রকৃত ঘটনা তথ্যানুসন্ধানে সহায়তা করছে। অপারেশন 'রেবেল হান্ট' চলছে, র্যাবও সহায়তা করছে। এরই ধারাবাহিকতায় ওই ১২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২২২৫ঘ.
bdnews24