ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ল্যাব এইড হাসপতালে স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগ মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলামের দেহে সফল অস্ত্রোপচার হয়েছে শনিবার।
হাসপাতালের প্রধান মিডিয়া সমন্বয়কারী মেজবাহ য়াজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর ২টার সময় অস্ত্রোপচার শেষ হয়েছে। আগামী চার ঘণ্টা তিনি পোস্ট অপারেটিভ কক্ষে থাকবেন। এরপর তাকে কেবিনে স্থানান্তর করা হবে।"
আশরাফের ব্যক্তিগত সহকারী সৈয়দ তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সৈয়দ আশরাফের অস্ত্রোপচার সফল হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী তার দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।"
সৈয়দ আশারফ শনিবার সকাল ১১টায় ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন। দুপুর সাড়ে ১২টার দিকে তার ল্যাপরোস্কপি কলোরেকটাল সার্জারি শুরু হয়। জেনারেল সার্জন অধ্যাপক খাদেমুল ইসলাম তার অস্ত্রোপচার করেন।
মেজবাহ য়াজাদ জানান, মন্ত্রীকে দুই দিন হাসপাতালে থাকতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এজে/জিএনএ/১৪৫৪ ঘ.
bdnews24