মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্বালানি বিষয়ক প্রতিবেদক
ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চরম গ্যাস সঙ্কটের মধ্যে বঙ্গোপসাগরের ১৭ ও ১৮ নম্বর ব্লকে অনুসন্ধান শেষে কোনও সুখবর দিতে পারেনি টোটাল এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন।
ফ্রান্সভিত্তিক বিশ্বের অন্যতম বৃহৎ এ তেল কোম্পানী কক্সবাজার ও সেন্টমার্টিন উপকূলে ত্রিমাত্রিক জরিপ পরিচালনা করেছিল। গত বছর এ জরিপ হয়। টোটাল সোমবার পেট্রোবাংলার কাছে অনুসন্ধান প্রতিবেদন জমা দেয়।
পেট্রোবাংলার চেয়ারম্যান জালাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৭ ও ১৮ নম্বর ব্লকে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাস পাওয়া যায়নি বলে টোটাল জানিয়েছে।"
গত দু' বছরে দেশের উপকূলীয় এলাকা ও বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানের জন্য এ দু'টি ব্লকসহ তিনটি ব্লকে জরিপ পরিচালনা করে উত্তোলনযোগ্য গ্যাস পাওয়া যায়নি।
২০০৭ সালের ৩ অক্টোবর সমুদ্রে ১৬ নম্বর ব্লকে কক্সবাজারের মগনামায় অনুসন্ধান কূপ খননের কাজ শুরু করে কেয়ার্ন এনার্জি। চার হাজার মিটার পর্যন্ত কূপ খনন করে তারা। এখানে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য পরিমাণ গ্যাস পায়নি কেয়ার্ন।
তবে পেট্রোবাংলা বলছে, মগনামায় গ্যাসের উপস্থিতি আছে। অদূর ভবিষ্যতে পাওয়া যেতে পারে। ভৌগোলিক গঠন ভালো বলে এটি একটি সম্ভাবনাময় জায়গা।
দ্বিমাত্রিক সার্ভেতে অনেক সময় সঠিক জায়গার খোঁজ পাওয়া যায় না বলে রাষ্ট্রীয় এ সংস্থার কর্মকর্তারা মন্তব্য করেন।
হাতিয়াতেও ২০০৮ সালের প্রথম দিকে জরিপ পরিচালনা করে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাস পায়নি কেয়ার্ন।
মগনামা ও হাতিয়া এ দু' এলাকাতে গ্যাসের পরিমাণ ও অবস্থান নিশ্চিত হওয়ার জন্য কেয়ার্নকে ত্রিমাত্রিক জরিপ পরিচালনার অনুমতি দিয়েছে পেট্রোবাংলা। কেয়ার্ন এর মধ্যে মগনামায় কূপ খনন করে গ্যাস অনুসন্ধান কাজ পরিচালনা করে।
দেশে গ্যাস সঙ্কটের কারণে বিদ্যুৎ উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব অনুসারে গ্যাস স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন গড়ে ৫০০ মেগাওয়াট কম হচ্ছে।
২০১২ সালের পর নতুন কোনও বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করতে পারবে না বলে পেট্রোবাংলা বিদ্যুৎ বিভাগকে জানিয়ে দিয়েছে। এছাড়া নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠানেও গ্যাস সংযোগে ধীরে চলো নীতি অনুসরণ করছে পেট্রোবাংলার অধীনস্থ কোম্পানীগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/
bdnews24