চাঁদপুর, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ ২৪ ডটকম) - চাঁদপুরে আটক যুব কর্মসংস্থান সোসাইটি (যুবক) এর চার কর্মকর্তাকে মঙ্গলবার জেলাহাজতে পাঠানো হয়েছে।
সোমবার গ্রাহকদের হাত থেকে রক্ষার জন্য যুবকের এ চার কর্মকর্তাকে পুলিশ পৌরসভা থেকে থানায় নিয়ে যায়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম নূরুল আলম তালুকদার বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, যুবকের চার কর্মকর্তাকে মঙ্গলবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এরা হলেন : চাঁদপুর জেলা যুবক হাউজিংয়ের চেয়ারম্যান ও সমন্বয়কারী ফজলুল হক প্রধান, ব্যবস্থাপনা পরিষদ কর্মকর্তা রাজীব পোদ্দার, সহকারী এরিয়া ম্যানেজার মো. হারুনুর রশিদ ও এরিয়া ম্যানেজার (ফরিদগঞ্জ) আব্দুস সাত্তার স্বপন।
ওসি জানান, গ্রাহকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পৌর মেয়র নাসিরউদ্দিন আহমেদ যুবকের দু'কর্মকর্তাকে ডেকে যুবকের সব কাগজপত্র পৌর কর্তৃপক্ষে কাছে জমা দিতে এবং গ্রাহকদের সব পাওনা কবে নাগাদ পরিশোধ করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে বলেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার যুবকের চার কর্মকর্তা পৌর মেয়রের দপ্তরে হাজির হন।
যুবক কর্মকর্তাদের আসার খবর পেয়ে গ্রাহকরা পৌরসভার সামনে জড়ো হন। পৌর মেয়রের বৈঠকে চার কর্মকর্তা টাকা কিভাবে দেবেন এবং কতদিনে দিতে পারবেন সে বিষয়ে কিছু জানাতে ব্যর্থ হলে বাইরে অপেক্ষমাণ গ্রাহকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা বিক্ষোভ শুরু করলে চার কর্মকর্তাকে পুলিশ থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে চাঁদপুর পৌরসভার মেয়র নাসিরউদ্দিন আহমেদ বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "গ্রাহকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে চাঁদপুরে যুবকের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার জন্য বলা হয়েছে।"
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৯ ঘ.
bdnews24