২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে আরও অস্ত্র উদ্ধার, থানচিতে পপি বাগান ধ্বংস

বান্দরবানের রুমা উপজেলায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের পর ওই এলাকায় তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার সকালে আরও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 01:14 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

বান্দরবান, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের রুমা উপজেলায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের পর ওই এলাকায় তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার সকালে আরও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এসবের মধ্যে আছে- একটি এলএমজি, একটি জি-থ্রি রাইফেল, চারটি মর্টার শেল, একটি ওয়াকিটকি, তিনটি ম্যাগজিন এবং ৬০ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি। এর আগে উদ্ধার করা হয়েছিল একটি একে-৪৭ ও একটি জি-থ্রি রাইফেল। নাম প্রকাশে অনচ্ছিুক সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, ডেমোক্রেটিক পার্টি অব আরাকান নামের বহিরাগত একটি সন্ত্রাসী দলের অস্থায়ী আস্তানা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া বন্দুকযুদ্ধে নিহত এক সন্ত্রাসীর লাশ উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের আটক করার জন্য সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, জেলার থানচি উপজেলার দুর্গম বড় মদক এলাকায় অভিযান চালিয়ে ৫০ একরের বেশি জমির পপি বাগান ধ্বংস করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বুধবার সন্ধ্যায় রুমা উপজেলার রনিন পাড়া ও মুন্নাম পাড়ার মধ্যবর্তী পাইন্দু খালের কাছে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়। এর আগে ৩১ জানুয়ারি রুমার আর্থাপাড়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়। ওই সময়ে সন্ত্রাসী সন্দেহে নিরাপত্তা বাহিনী দুজনকে আটক করেছিল। সেনাবাহিনীর বান্দরবান ব্রিগেডের মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেনাবাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে। আজ (বৃহস্পতিবার) সকালে তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের অস্থায়ী আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধা করা হয়। সন্ত্রাসীদের নিমূল না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান। এদিকে থানচি উপজেলার বড় মদক এলাকায় বহিরাগত সন্ত্রাসীদের চাষ করা ৫০ একরের বেশি জমির পপি বাগান ধ্বংস করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, তিনদিন ধরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বড় মদক এলাকায় পপি চাষ নির্মূলে অভিযান চালাচ্ছে। এ সময় এলাকায় ৩৫টি বাগানের অর্ধশতাধিক একর জমির পপি ধ্বংস করা হয়েছে। দুর্গম এলাকা হওয়ায় প্রশাসনের নজরকে ফাঁকি দিয়ে বছর পর বছর ধরে চলে আসছে পপি চাষ। সন্ত্রাসীরা এইসব এলাকায় পপি থেকে আফিম উৎপাদন করে সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন জায়গায় পাচার করে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে/প্রতিনিধি/এমএসবি/১৯১৩ ঘ.