২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন জিল্লুর রহমান

দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নিয়েছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা জিল্লুর রহমান । সন্ধ্যা সাতটায় বঙ্গভবনের দরবার হলে প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন তাকে শপথবাক্য পাঠ করান। বঙ্গভবন থেকে জানাচ্ছেন সুমন মাহবুব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 01:09 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নিয়েছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা জিল্লুর রহমান । সন্ধ্যা সাতটায় বঙ্গভবনের দরবার হলে প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন তাকে শপথবাক্য পাঠ করান। বঙ্গভবন থেকে জানাচ্ছেন সুমন মাহবুব। কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়; পরিচালনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. আব্দুল আজিজ। মূল মঞ্চে রাষ্ট্রপতি চেয়ারে বসেন বিদায়ী রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। তার ডানে ছিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং বাঁয়ে ছিলেন প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন। শপথ গ্রহণের পর বিদায়ী রাষ্ট্রপতি রীতি অনুযায়ী নিজের চেয়ার ছেড়ে জিল্লুর রহমানকে সেখানে বসান। পরে বিদায়ী রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির সঙ্গে করমর্দন করেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। এ সময় অতিথিরা করতালির মাধ্যমে নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানান। সঙ্গে সঙ্গে জাতীয় সংঙ্গীত বেজে ওঠলে শপথের আনুষ্ঠানিকতা শেষ হয়। পুরো প্রক্রিয়াটি চলে নয় মিনিট ধরে। শপথ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি জিল্লুর রহমান মূল মঞ্চ থেকে নেমে আসেন। এ সময় অতিথি সারিতে বসা বঙ্গবন্ধুর ছোটো মেয়ে শেখ রেহানা আওয়ামী লীগের এ র্র্বষীয়ান নেতাকে অভিনন্দন জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অভিনন্দন জানান। এসময়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন। দরবার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ, সাবেক প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ, বিচারপতি লতিফুর রহমান, মন্ত্রিসভার সদস্যবর্গ, প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা ও অপর দুই নির্বাচন কমিশনার, তিনবাহিনীর প্রধান, সিটি করপোরেশনের মেয়র, পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের উপাচার্য, রাজনীতিবিদ, শীর্ষ ব্যবসায়ী নেতাসহ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপি'র পক্ষ থেকে বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবদীন ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শপথ অনুষ্ঠানে অংশ নেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন সাংসদ এম কে আনোয়ার, বরকত উল্লাহ বুলু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, সিপিবি'র সভাপতি মঞ্জুরুল আহসান খান এবং জাতীয় পার্টির (জেপি) সভাপতি শেখ শহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। তবে জামায়াতে ইসলামীর কোন নেতা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। দরবার হলের অতিথি আসনের প্রথম সারির আসন ছিলেন- কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও বিচারপতি লতিফুর রহমান, স্পিকার আবদুল হামিদ, বিদায়ী রাষ্ট্রপতির স্ত্রী অধ্যাপিকা আনোয়ারা বেগম, শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও তার স্বামী খন্দকার মাশরুর হোসেন, নতুন রাষ্ট্রপতির ছেলে নাজমূল আহসান ও তার স্ত্রী, রাষ্ট্রপতির মেয়ে তানিয়া বখত, তনিমা বখত। নতুন রাষ্ট্রপতি বৃহস্পতিবার রাতটি কাটাবেন তার গুলশানের আইভি টাওয়ারের বাসভবনে। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনসহ '৭৩, '৮৬, '৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের কুলিয়ারচর-ভৈরব আসন থেকে জিল্লুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭০ সালে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) নির্বাচিত হন। জিল্লুর রহমান ১৯২৯ সালের ৯ মার্চ কিশোরগঞ্জের ভৈরবে জন্ম গ্রহণ করেন। ছাত্র জীবন থেকেই রাজনীতিতে সক্রিয় এই নেতা '৭১ এর মুক্তিযুদ্ধেও যোগ দেন। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় জিল্লুর রহমান তার সহধর্মিনী ও মহিলা আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী আইভী রহমানকে হারান। পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও দুই কন্যার জনক। কিশোরগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছাড়াও জিল্লুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্যসহ বিভিন্ন সময় দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তারের সময় শেখ হাসিনা দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব জিল্লুর রহমানকে দেন। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১৮ মেয়াদে ১৫ জন রাষ্ট্রপতি হয়েছেন। নবম সংসদে নির্বাচিত রাষ্ট্রপতি হলেন দেশের ১৯তম রাষ্ট্রপতি (১৬ তম ব্যক্তি)। ১৯৯১ সালে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তনের পর সাংসদদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন আবদুর রহমান বিশ্বাস, বিচারপতি সাহাবুদ্দিন আহাম্মদ, ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। পরে বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগ করলে ২০০২ সালে অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ দলীয় প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার মেয়াদ ছিল ২০০৭ সালের ৫ সেপ্টেম্বর পর্যন্ত। নবম সংসদ নির্বাচন বিলম্বিত হওয়ায় তার মেয়াদও দীর্ঘায়িত হয়। স্বাধীনতা উত্তরকালে রাষ্ট্রপতি ও তাদের মেয়াদকাল: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৭ এপ্রিল ১৯৭১ থেকে ১১ জানুয়ারি ১৯৭২। সৈয়দ নজরুল ইসলাম (ভারপ্রাপ্ত) ১৭ এপ্রিল ১৯৭১ থেকে ৯ জানুয়ারি ১৯৭২। আবু সাইদ চৌধুরী ১২ জানুয়ারি ১৯৭২ থেকে ২৩ ডিসেম্বর ১৯৭৩। মোহাম্মদ উল্লাহ ২৪ ডিসেম্বর ১৯৭৩ থেকে ২৫ জানুয়ারি ১৯৭৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ জানুয়ারি ১৯৭৫ থেকে ১৪ আগস্ট ১৯৭৫। খন্দকার মোশতাক আহমেদ ১৫ আগস্ট ১৯৭৫ থেকে ৬ নভেম্বর ১৯৭৫। এসএম সায়েম ৭ নভেম্বর ১৯৭৫ থেকে ২০ এপ্রিল ১৯৭৬। জিয়াউর রহমান ২১ এপ্রিল ১৯৭৬ থেকে ২৯ মে ১৯৮১। আবদুস সাত্তার (ভারপ্রাপ্ত) ৩০ মে ১৯৮১ থেকে ১৯ নভেম্বর ১৯৮১। আবদুস সাত্তার ২০ নভেম্বর ১৯৮১ থেকে ২৩ মার্চ ১৯৮২। এএফএম আহসান উদ্দিন চৌধুরী ২৭ মার্চ ১৯৮২ থেকে ১০ ডিসেম্বর ১৯৮৩। হুসেইন মুহম্মদ এরশাদ ১১ ডিসেম্বর ১৯৮৩ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০। সাহাবুদ্দিন আহাম্মদ (অস্থায়ী) ৬ ডিসেম্বর ১৯৯০ থেকে ৯ অক্টোবর ১৯৯১। আবদুর রহমান বিশ্বাস ৯ অক্টোবর ১৯৯১ থেকে ৯ অক্টোবর ১৯৯৬। সাহাবুদ্দিন আহাম্মদ ৯ অকেক্টাবর ১৯৯৬ থেকে ১৪ নভেম্বর ২০০১। একিউএম বদরুদ্দোজা চৌধুরী ১৪ নভেম্বর ২০০১ থেকে ২১ জুন ২০০২। মো. জমিরউদ্দিন সরকার (দায়িত্বপ্রাপ্ত)- ২১ জুন ২০০২ থেকে ৫ সেপ্টেম্বর ২০০২। ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ৬ সেপ্টেম্বর ২০০২ থেকে ১২ ফেব্র"য়ারি ২০০৯। জিল্লুর রহমান ১২ ফেব্র"য়ারি ২০০৯ থেকে...। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এইচএ/২০৫০ ঘ.