ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর ও মাদারীপুরে বৃহস্পতিবার পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন আহত হয়েছেন।
এর মধ্যে ভোরে যশোর-সাতক্ষীরা মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী এবং দুপুরে মাদারীপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অপর এক ব্যক্তি নিহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যশোর প্রতিনিধি জানান, শার্শা উপজেলার যশোর-সাতক্ষীরা মহাসড়কের জামতলা বাজারের কাছে ট্রাকের ধাক্কায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন উপজেলার টেংরা গ্রামের আবুল কাসেমের ছেলে ইসমাইল হোসেন মধু (৪০)। আহত ব্যক্তির নাম বদর আলি (৩৮)।
বাগ আচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (আইসি) উপ পরিদর্শক (এসআই) এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামতলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মধু নিহত এবং মোটর সাইকেলের অপর আরোহী বদর আলি আহত হন।"
আহত ব্যক্তিকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এ ঘটনায় পুলিশ কাউকে গেপ্তার করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাদারীপুর প্রতিনিধি জানান, রাজৈর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের আমগ্রাম ব্্িরজ এলাকায় দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অজয় বালা আকন (২৪) শহরের কলাতলা এলাকার অভিমন্যু বালার ছেলে।
রাজৈর থানার ওসি এম মশিউর রহমান জানান, "বরিশাল থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে দুপুরে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজয় নিহত হন।"
পুলিশ বাসটি আটক করতে পারেনি।
এ ব্যাপারে রাজৈর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/১৫৩৮ ঘ.
bdnews24