২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৈয়েবুরের বিরুদ্ধে অভিযোগপত্র

অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতির মামলায় খুলনার সাবেক মেয়র শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 07:49 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

বাগেরহাট, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতির মামলায় খুলনার সাবেক মেয়র শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার খুলনা মহানগর হাকিম মো. বারেকুজ্জামানের আদালতে এটি দাখিল করেন কমিশনের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের (খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা) সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন। তিনি সাংবাদিকদের জানান, কমিশনের অনুসন্ধানে তৈয়েবুর রহমানের আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৯ লাখ ৩৯ হাজার ৩৬৬ টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। বিএনপি নেতা তৈয়েবুরকে সম্পদের হিসাব দিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ২৪ মার্চ নোটিস দেয় কমিশন। এরপর তিনি ১ কোটি ৫৫ লাখ ৫৪ হাজার ৮৫২ দশমিক ৩০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন বলে কমিশন কর্মকর্তারা জানান। সম্পদের তথ্য গোপনের অভিযোগে এরপর তৈয়েবুরের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা হয়। তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হওয়া এ রাজনীতিক এখন জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩০ ঘ.