ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শিক্ষানীতি মধ্য জানুয়ারিতেই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি একথা জানান।
নাহিদ জানান, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা তাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন। তাদের এ প্রস্তাবনাগুলো আগামী সাত দিনের মধ্যে লিখিত আকারে মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।
"মন্ত্রণালয় থেকে মতামত এলেই তা মন্ত্রিসভার বৈঠকে পাঠানো হবে", বলেন তিনি।
জাতীয় শিক্ষানীতি চূড়ান্তকরণে বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত নেওয়ার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
নাহিদ আরো বলেন, "শিক্ষানীতি প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন মাধ্যমে জনমত গ্রহণের পর এখন বিভিন্ন মন্ত্রণালয়ের বিশেষ মতামত নেওয়া হচ্ছে। এটি কোনো দলীয় নয় বরং জাতীয় শিক্ষানীতি। এ শিক্ষানীতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং যেকোনো পর্যায়ে সংশোধনের সুযোগ থাকবে।"
সভায় শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান, অর্থ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর, আইন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/এইচএ/২২২৩ ঘ.
bdnews24