২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরে তীব্র ঠাণ্ডা, পর্যাপ্ত শীতবস্ত্র মেলেনি

প্রচণ্ড শীতে রংপুর অঞ্চলে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। ঠাণ্ডা বাতাস আর ঘন কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2009, 03:29 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

রংপুর, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রচণ্ড শীতে রংপুর অঞ্চলে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। ঠাণ্ডা বাতাস আর ঘন কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। জনপ্রতিনিধিরা জানান, এখন পর্যন্ত সরকারের কাছ থেকে পর্যাপ্ত শীতবস্ত্র পাওয়া যায়নি। গত কয়েকদিনের প্রচণ্ড ঠাণ্ডায় নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়া, হাপানি, শ্বাসকষ্টসহ নানা ধরনের রোগ ছড়িয়ে পড়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত তিনদিনে ঠাণ্ডাজনিত রোগ নিয়ে আসা অন্তত আটজনের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। রংপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তফাজ্জল হোসেন জানান, শুক্রবার রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। জেলার গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মাবু জানান, প্রচণ্ড ঠাণ্ডায় তিস্তা নদীর চর এলাকার হাজার হাজার দরিদ্র পরিবার শীতবস্ত্রের অভাবে দুর্দশার মধ্যে জীবনযাপন করছে। তিনি বলেন, তার ইউনিয়নে এখনো কোনো শীতবস্ত্র দেয়নি কেউ। মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এ ছাড়া রংপুর শহর ও শহরতলীর বিভিন্ন বস্তি আর ফুটপাতে বসবাসকারী ছিন্নমূল মানুষদের শীতের কামড় থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে রাত কাটাতে দেখা গেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখলেছার রহমান বলেন, বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক বিএম এনামুল হক শহরের বিভিন্ন এলাকায় দুই শ' কম্বল বিতরণ করেছেন। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুল আলমসহ প্রশাসনের কর্মকর্তারা। মোখলেছুর রহমান আরো বলেন, এ পর্যন্ত সাড়ে চার হাজার কম্বল এবং কিছু পুরাতন কাপড় বরাদ্দ পাওয়া গেছে, যা বিভিন্ন উপজেলায় ভাগ করে দেওয়া হয়েছে। বিতরণও চলছে। ৩০ হাজার শীতবস্ত্রের চাহিদা জানিয়ে ত্রাণ মন্ত্রণালয়ে ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে বলেও তিনি জানান। এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আনিসুল করিম বলেন, শীতজনিত বিভিন্ন রোগে এ পর্যন্ত হাসপাতালে আটজন মারা গেছে। এরা হলেন- দিনাজপুর শহরের কোতয়ালী এলাকার মানিক (৪০), রংপুরের পীরগঞ্জের হজরত আলী (৯৫), খেজমতপুর গ্রামের জহুরুল হক (৫২), গঙ্গাচড়ার আয়েশা বেগম (৬৫), মিঠাপুকুরের বালুয়া মাসিমপুর গ্রামের আব্দুল আজিজ (৭৫), সদর উপজেলার মমিনপুর গ্রামের আশেক আলী (৫৫), গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সাহেরা খাতুন (৯) এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার সজিব (২মাস)। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. আব্দুল মোত্তালিব জানান, শীতের তীব্রতা বৃদ্ধির কারণে নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়া আর শ্বাসজনিত রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৮০ জন রোগী চিকিৎসা নিতে আসে বলে তিনি জানান। নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীসহ উত্তরাঞ্চল ঘন কুায়াশায় ঢাকা থাকছে দিনের বেশিরভাগ সময়। সেই সঙ্গে রয়েছে উত্তরের ঠাণ্ডা বাতাস আর কনকনে শীত। মধ্যরাতের পর থেকে কুয়াশা পড়ে বৃষ্টির মতো। শুক্রবার দিনভর আকাশ কুয়াশায় ঢাকা ছিল । এ মাসের শুরুতেই টানা পাঁচদিন কনকনে শীত আর ঘন কুয়াশা পড়ে। এরপর পঁচদিন স্বাভাবিক থেকে বুধবার সন্ধ্যা থেকে আবারো কুয়াশা বাড়তে থাকে। এদিকে সরকারিভাবে পাওয়া শীতবস্ত্র অপ্রতুল বলে জানিয়েছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা। নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিকেন্দ্র নাথ রায় মীরু, টুপামারীর চেয়ারম্যান বাবুল হোসেন চৌধুরীসহ আনেকেই জানিয়েছেন, সরকারিভাবে পাওয়া অতি অল্প শীতবস্ত্র বিতরণ করা সম্ভব নয়। এগুলো বিতরণ করতে গেলে বিপদ হবে। তাই দেওয়ার চেয়ে না দেওয়াই ভাল। ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, তার ইউনিয়নে দুই হাজার দুস্থ (সরকারি হিসাব) মানুষের জন্য দেওয়া হয়েছে মাত্র ৪৫টি কম্বল। জেলা প্রশাসক ফরহাদ হোসেন বলেন, জেলার ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে সরবরাহ করা কাপড় জরুরি ভিত্তিতে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। দু'একদিনের মধ্যেই বিতরণ কাজ শেষ হবে। জেলা প্রশাসক বলেন, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের কাছে ২০ হাজার কম্বল, ২০ হাজার চাদর, ১০ হাজার জ্যাকেট, ১০ হাজার সোয়েটার ও ১০ হাজার শিশু পোশাক চেয়ে জরুরি ফ্যক্স বার্তা পাঠানো হয়েছে। কিন্তু মাত্র সাড়ে চার হাজার কম্বল পাঁচ শ' সোয়েটার ও ১৫ শ' পুরাতন কাপড়ের বরাদ্দপত্র পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৯ ঘ.