২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংস্কারপন্থি'রাও স্থান পাচ্ছে: অভিযোগ হান্নানের

বিএনপির নতুন নেতৃত্বে সংস্কারপন্থি বলে পরিচিতিদের জায়গা না হলেও দলের স্থায়ী কমিটির নতুন সদস্য আ স ম হান্নান শাহ অভিযোগ করেছেন, জরুরি অবস্থার সময় চেয়ারপারসন বিরোধীরাও কমিটিতে স্থান পাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2009, 10:25 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিএনপির নতুন নেতৃত্বে সংস্কারপন্থি বলে পরিচিতিদের জায়গা না হলেও দলের স্থায়ী কমিটির নতুন সদস্য আ স ম হান্নান শাহ অভিযোগ করেছেন, জরুরি অবস্থার সময় চেয়ারপারসন বিরোধীরাও কমিটিতে স্থান পাচ্ছে। কারও নাম উল্লেখ না করে হান্নান বলেন, "নেত্রী কমিটি করেছেন, এটা ভালো কমিটি সন্দেহ নেই। তার নেতৃত্বে আমি কাজ করে যাব। তবে ১/১১ এর সময়ে মূলস্রোত ও নেত্রীর বিরুদ্ধে যারা কাজ করেছেন এমন নেতারাও কমিটিতে স্থান পাচ্ছেন।" কাউন্সিল অনুষ্ঠানের ৫ দিনের মাথায় রোববার রাতে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন ১২ জনসহ দলের নির্বাহী কমিটির সাত জন যুগ্ম মহাসচিরে নাম ঘোষণা করেন চেয়ারপারসন খালেদা জিয়া। নতুন কমিটির নেতাদের নিয়ে সোমবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করেন খালেদা জিয়া। এ সময়ে দলের মহাসচিবসহ নতুন কমিটির অধিকাংশ নেতাই উপস্থিত ছিলেন। নতুন কমিটির বিষয়ে জানতে চাইলে অন্যতম সংস্কারপন্থি বলে পরিচিত স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান জেনারেল মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নবগঠিত কমিটিতে অভিজ্ঞতা ও তারুণ্যে সমন্বয় হয়েছে। বিশেষ করে শীর্ষ পর্যায়ের কমিটিতে এটি স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। আমাদের চেয়ারপারসন তার দীর্ঘ অভিজ্ঞতা ও দূরদর্শিতার মাধ্যমে দলকে সামনের দিনগুলোতে বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করে তুলতে এই কমিটি গঠন করেছেন। আমরা মনে করি এটি একটি সময়োপযোগী ও ভালো কমিটি হয়েছে।" সংস্কারপন্থি হিসেবে পরিচিতি অন্যরা নেতৃত্ব থেকে বাদ পড়লেও জেনারেল মাহবুব নিজের অবস্থান ধরে রেখেছেন। স্থায়ী কমিটিতে জায়গা পাওয়া নতুন সদস্য সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার বলেন, "জিয়াউর রহমানের আমলে আমি স্থায়ী কমিটির সদস্য ছিলাম। মাঝখানে ছিলাম না। আবার যুক্ত হয়েছি, এজন্য নেত্রীকে ধন্যবাদ জানাই।" নতুন আরেক সদস্য সাবেক মন্ত্রী আবদুল মঈন খান বলেন, "প্রবীণ-নবীনের সমন্বয় ঘটেছে কমিটিতে। এতে বিএনপি আরও শক্তিশালী হবে। খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব বলে আশা করি।" নতুন সিনিয়র যুগ্ম মহাসচিব সাবেক কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আমার দৃষ্টিতে ভালো কমিটি। শীর্ষ পর্যায়ের কমিটির নেতৃত্বে প্রবীণ ও নবীনের সমন্বয় ঘটেছে। এর মাধ্যমে আগামী দিনের বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলায় দলটি সফলভাবে এগিয়ে যেতে পারবে।" জাতীয়তাবাদী যুব দলের সভাপতি ও যুগ্ম মহাসচিব সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকত উল্লাহ বুলু বলেন, "কমিটিতে নুতন মুখের সমাবেশ ঘটেছে-এটা শুভ দিক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জিএনএ/১৬২৫ ঘ.