প্রকাশ বিশ্বাস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন বছর পেরিয়ে গেলেও পুলিশের সাবেক উপমহাপরিদর্শক আনিসুর রহমানের সমবয়সি সাত 'সন্তানের' জট খোলেনি।
এ নিয়ে দায়ের করা মামলার বিচার কাজ ধীর গতিতে চলছে বলে অভিযোগ করেছেন মামলাকারী মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।
তবে আদালত সংশ্লিষ্ট এক আইনজীবী বলছেন, মামলা বেশি থাকায় বিচার কাজ বিলম্বিত হচ্ছে।
বিচার চলার মধ্যেই সাত শিশুর একটি জান্নাতুল মারিয়াম নাজিফা গত ১৬ নভেম্বর অসুস্থ হয়ে মারা যায়। অপর শিশুগুলো জাতীয় মহিলা আইনজীবী সমিতির আগারগাঁওয়ের পুনর্বাসন কেন্দ্র 'প্রশান্তি'তে রয়েছে।
আদালত ওই শিশুগুলোর পিতৃত্ব ও মাতৃত্বের দাবিদার আনিসুর রহমান ও আনোয়ারা খাতুনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলেও তাদের অসম্মতিতে তা করা যায়নি। তবে আদালতে দাখিল করা শিশু সাতটির সিবলিং টেস্টের প্রতিবেদনে বলা হয়েছে, তারা সহোদর নয়।
আনিসুর পাচারের উদ্দেশ্যে শিশুগুলোকে জড়ো করেছিলেন- এ অভিযোগ করে মানবাধিকার সংগঠনের করা মামলার বিচার চলছে ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে। বিচারক এ কে এম শামসুল আলম আগামী ৭ জানুয়ারি বাদি পক্ষের দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
এলিনা খান গত সপ্তাহে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ মামলাটির নিষ্পত্তি আরো দ্রুত হওয়া উচিত। কিন্তু তা হচ্ছে না। দীর্ঘদিন পর পর তারিখ পড়ছে।"
এ বিষয়ে ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর ফোরকান মিয়া বলেন, "এ আদালতে মামলার চাপ থাকায় দীর্ঘ দিন অন্তর অন্তর তারিখ ধার্য হচ্ছে। সে কারণে গতি কিছুটা মন্থর। তবে এটা স্বাভাবিক, একে ধীর গতি বলা যাবে না।"
২০০৬ সালের ২৫ মে আনিসুর রহমানের বাড্ডার বাড়িতে ১৪টি শিশু থাকার খবরটি প্রকাশ করে গণমাধ্যম। এর মধ্যে সাতটি শিশুর বয়স এক হওয়ায় তারা আনিসুর-আনোয়ারা দম্পতির সন্তান কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিলে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার এলিনা খান একটি মামলা করে।
এরপর ১৮ জুন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি সাতটি শিশুর হেফাজত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করলে আদালত তাতে সম্মতি দেয়। অ্যাডভোকেট এলিনা ওই রিট আবেদনেও আবেদনকারীর পক্ষভুক্ত হন।
বাড্ডা থানায় ২০০৬ সালের ২ জুন দায়ের করা এলিনা খানের মামলাটি ২০০৭ সালের ৬ ফেব্র"য়ারি আদালত আমলে নেয়। ২০০৮ সালের ১ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়। এ পর্যন্ত বাদির সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
এ মামলায় আনিসুর ও আনোয়ারা দুজনেই জামিন পান। তবে অপর একটি প্রতারণা মামলায় আনোয়ারা বর্তমানে কারাগারে রয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, অভিযুক্তরা মোট ১৪ সন্তানের জনক-জননী দাবি করলেও জন্ম তারিখ অনুযায়ী তাদের সাতজন সমবয়সি। অভিযুক্তরা এ বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম তথ্য দিচ্ছেন। প্রকৃতপক্ষে শিশুরা তাদের নয়। তারা ওই শিশুদের বিদেশে পাচারের উদ্দেশ্যে জড়ো করেছেন।
আনিসুর দম্পতির দাবি, তাদের ওই সাতটি শিশু জমজ। ২০০৪ সালের ২৪ অক্টোবর একসঙ্গে তাদের জন্ম হয়।
২০০৬ সালের ১০ নভেম্বর মামলার তদন্তকারী গোয়েন্দা পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবীর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে অভিযুক্তদেরকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। মামলার ঘটনাটি একটি তথ্যগত ভুল বলে উল্লেখ করেন তিনি। তবে বাদি ওই তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে নারাজি আবেদন করলে আদালত তা গ্রহণ করে।
বাদির আবেদনে ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক ওই সাত শিশুর ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলেও আনিসুর ও আনোয়ারা বিভিন্ন অজুহাতে নমুনা দেননি।
ওই শিশুরা সহোদর কিনা- তা নির্ণয়ে ২০০৮ সালের ২৩ এপ্রিল সিবলিং টেস্টের নির্দেশ দেয় হাইকোর্ট। যা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধানে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৯০০ ঘ.
bdnews24