ঢাকা, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক, সম্পাদক, লেখক ও প্রকাশকদের বিরুদ্ধে মানহানির মামলায় প্রেপ্তারি পরোয়ানা জারির বিধান বাতিল করে একটি আইন করতে যাচ্ছে সরকার।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত সভায় 'কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০০৯' নামে এসংক্রান্ত আইনের খসড়াটি নীতিগত অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, "বর্তমান আইনে পত্রিকা বা বইয়ে মানহানিকর কিছু লেখার জন্য মামলা হলে সাংবাদিক, সম্পাদক, লেখক ও প্রকাশকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। নতুন আইনের যে খসড়াটি আজ অনুমোদন করা হয়েছে, তাতে এ ধরনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে না। এর বদলে আদালত এদের বিরুদ্ধে সমন জারি করতে পারবে।"
দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় কেউ যদি সাংবাদিক, সম্পাদক, লেখক ও প্রকাশকদের বিরুদ্ধে মানহানির মামলা করে তাহলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে।
মন্ত্রিসভার এ বৈঠকে আরো তিনটি আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান আবুল কালাম আজাদ।
এগুলো হলো 'বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) আইন, ২০০৯', 'কোর্ট ফিস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০০৯' ও 'বাংলাদেশ পর্যটন সংরক্ষিত এলাকা ও বিশেষ পর্যটন অঞ্চল আইন, ২০০৯'।
আজাদ বলেন, "বৈঠকে প্রধানমন্ত্রী পর্যটন এলাকায় গাছকাটা বন্ধের জন্য নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পর্যটন এলাকায় স্থানীয় বাসিন্দাদের অধিকার সংরক্ষিত রাখার ব্যাপারে সবাইকে সজাগ থাকতে বলেছেন। এছাড়া কক্সবাজারে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত আরো ভালোভাবে ব্যবহার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।"
প্রেস সচিব বলেন, পারস্পারিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে এপিটিএ- এর আওতায় 'ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন ট্রেড ফ্যাসিলিটেশন ইন এপিটিএ পারটিসিপেটিং স্টেইটস' এবং 'ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন দ্য প্রমোশন, প্রটেকশন অ্যান্ড লিবারালাইজেশন অব ইনভেস্টমেন্ট ইন এপিটিএ পারটিসিপেটিং স্টেইটস'
bdnews24