২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন ছাড়াই জাহাজ ভাঙা শিল্প চলছে: মন্ত্রী

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান রোববার বলেছেন, সরকার জাহাজ ভাঙা শিল্পকে আইনের আওতায় আনার চেষ্টা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 05:11 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান রোববার বলেছেন, সরকার জাহাজ ভাঙা শিল্পকে আইনের আওতায় আনার চেষ্টা করছে। বাংলাদেশে নিযুক্ত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশ শাখার পরিচালক পানুড্ডা বুনাপালা তার কার্যালয়ে সাক্ষাৎ করার পর মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। আইএলও কর্মকর্তা মন্ত্রীর কাছে বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্পের নানা সমস্যা সংক্রান্ত একটি জরিপ প্রতিবেদন হস্তান্তর করেন। এ প্রসঙ্গে মন্ত্রী শাজাহান খান বলেন, "প্রতিষ্ঠার পর থেকেই জাহাজ ভাঙা শিল্প বাংলাদেশে কোন আইন ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশের বর্তমানে এধরণের প্রায় ৫০টি প্রতিষ্ঠানে প্রায় ৪০ হাজার শ্রমিক কাজ করছে। সরকার এগুলোকে আইনের আওতায় আনার চেষ্টা করছে।" তিনি জানান, এজন্য সরকার নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। আইন ছাড়াও এ শিল্পের বিরাজমান সমস্যাগুলো চিহ্নিত ও কর্মপরিকল্পনা প্রণয়ন করতে চারটি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রণালয় ছাড়াও শ্রম, শিল্প এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এতে থাকবেন। জাহাজ ভাঙার সময় অনেক সময় বিষাক্ত রাসায়নিক ও অন্য পদার্থে সাগরতীর ও সমুদ্র দূষণ ঘটা ছাড়াও অনিরাপদ কর্ম পরিবেশে কাজ করে প্রায়শই দুর্ঘটনার শিকার হয় শ্রমিকরা। চট্টগ্রাম বন্দরে হাসপাতাল চট্টগ্রাম বন্দর সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকার বন্দরে এক হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। ভারত ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে এ হাসপাতাল নির্মাণে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। এতে হৃদরোগ, কিডনি, ক্যান্সার ও প্লাস্টিক সার্জারির মতো চিকিৎসার ব্যবস্থা থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২৩০৮ঘ.