ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বোরো মৌসুমে সেচকাজের সময় কৃষকদের জন্য রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে সরকার।
এ জন্য শহর এলাকায় বিদ্যুৎ ঘাটতি স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি হবে।
বুধবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক বৈঠকের পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "গত বছরের মত এ বছরেও আসন্ন বোরো মৌসুমে কৃষকদের জন্য রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। তবে দিনের বেলায় একান্ত প্রয়োজন না হলে পানির পাম্প না চালানোর আহ্বান থাকবে কৃষকদের প্রতি।"
তৌফিক-ই-ইলাহী আরও বলেন, "গ্রামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শহরে সরবরাহে ঘাটতি বেশি থাকবে। এ জন্য শহরের মানুষ কিছুটা কষ্ট পাবে। গ্রামের ভাইদের কথা বিবেচনা করে এ কষ্ট সহ্য করতেই হবে।"
তিনি জানান, আগামী ফেব্র"য়ারি থেকে মে মাস পর্যন্ত এ পরিস্থিতি থাকবে। তবে এর মধ্যে নতুন বিদ্যুৎ উৎপাদিত হলে লোড শেডিং কমে আসবে।
বৈঠকে পিডিবির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থার উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বর্তমানে দেশের বিদ্যুতের চাহিদা প্রায় সাড়ে পাঁচ হাজার মেগাওযাট। দৈনিক উৎপাদনের পরিমাণ গড়ে সাড়ে তিন হাজার থেকে তিন হাজার ৭'শ মেগাওয়াট। বোরো মৌসুমে এ চাহিদা আরও প্রায় দেড় হাজার মেগাওয়াট বাড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জিএনএ/১৮০৮ঘ.
bdnews24