২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে হত্যার হোতাদের খুঁজে বের করে দায়মুক্ত হোন: নিজামী

চার দলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের আগ মূহুর্তে রাজধানীর পল্টনে সংঘর্ষে নিহতদের দায়দায়িত্ব থেকে মুক্ত হতে এর মূল হোতাদের খুঁজে বের করতে আওয়ামী লীগের প্রতি আহবান জানিয়েছে জামায়াতে ইসলামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 06:19 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের আগ মূহুর্তে রাজধানীর পল্টনে সংঘর্ষে নিহতদের দায়দায়িত্ব থেকে মুক্ত হতে এর মূল হোতাদের খুঁজে বের করতে আওয়ামী লীগের প্রতি আহবান জানিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে রাজধানীতে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির আয়োজিত এক ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় দলটির প্রধান মতিউর রহমান নিজামী এ আহ্বান জানান। ২০০৬ সালের ২৮ অক্টোবরে পল্টনে সংঘর্ষে নিহত মুজাহিদ, মাসুম, শিপনসহ অন্যদের হত্যার বিচারের দাবিতে ছাত্রশিবির ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে। জামায়াত আমীর বলেন, "আবেগমুক্তভাবে আবেদন জানাতে চাই, ঘটনার সব উপকরণ আছে, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এ ঘটনার পেছনে মূল কলকাঠি কারা নেড়েছে তা খুঁজে বের করুন। সাদা পোষাকের বিশেষ একটি সংস্থার লোকদের সেসময় দেখা গেছে বলে তথ্য প্রমাণ রয়েছে।" সেনা নেতৃত্বের ভূমিকার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "এ ঘটনার সূত্র ধরে এক/এগারো কায়েম করে এবং মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ার মধ্যে যোগসূত্র থাকায় এর পেছনে তাদের হাত থাকা অস্বাভাবিক নয়।" নিজামী মন্তব্য করেন, "২৯ ডিসেম্বরের নির্বাচনে ডিজিটাল কারচুপি ও সেনাপ্রধানের সমর্থন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।" জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা বলেন, পল্টনের খুনীদের গ্রেপ্তার না করে বিগত তত্ত্বাবধায়ক সরকার উল্টো জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে। সমাবেশে পল্টনের ঘটনায় নিহতদের আত্মীয়রাও খুনীদের শাস্তি ও বিচার দাবি করে বক্তব্য দেন। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এ সমাবেশে জামায়াতের ঢাকা মহানগরের আমীর রফিকুল খান ও শিবিরের সাবেক ছাত্রনেতারা বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২৩৪৩ঘ.