ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালতে ঝুলে থাকা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রায় সাড়ে ১৭ হাজার মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে পৃথক দুটি বেঞ্চ গঠনের জন্য প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানাবে আইন মন্ত্রণালয়।
ওইসব মামলার নিষ্পত্তি হলে সরকারের আটকে থাকা ৭ হাজার ৭২৯ কোটি টাকা রাজস্ব আদায়ের পথ প্রশস্ত হবে বলে জানান আইনমন্ত্রী শফিক আহমেদ।
রোববার সন্ধ্যায় সচিবালয়ে এনবিআর চেয়ারম্যান ও আটর্নি জেনারেলের সঙ্গে এ সংক্রান্ত বৈঠকের পর আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "উচ্চ আদালতে ঝুলে থাকা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রায় সাড়ে ১৭ হাজার মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে পৃথক দুটি বেঞ্চ গঠনের জন্য প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বেঞ্চ দুটিতে নিয়মিত এসব মামলার নিষ্পত্তি হবে।"
শফিক আহমেদ আরও বলেন, "আগামীকাল (সোমবার) এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হবে।"
এর আগে গত ১ অক্টোবর আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ। ওইদিন মন্ত্রী বলেছিলেন, "কীভাবে এসব মামলার দ্রুত নিষ্পত্তি করা যায়, সে বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে।"
ওই বৈঠকের ১৭ দিন পর এ সিদ্ধান্ত নেওয়া হলো।
রোববারের বৈঠকের পর আইনমন্ত্রী বলেন, "প্রয়োজনে বিদ্যমান আইন সংশোধন করে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি বা এডিআরের মাধ্যমেও এসব মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে।"
তিনি বলেন, "এডিআর পদ্ধতি কার্যকর হলে উভয় পক্ষই লাভবান হতে পারে।"
বৈঠকে আটর্নি জেনারেল মাহবুবে আলম, এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৯৪২ ঘ.
bdnews24