গাজীপুর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের দুইটি কারখানা থেকে লুঠ করা মালামালসহ থেকে পাঁচ ডাকাতকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- মো. মিজানুর রহমান (৪২), আ. মালেক (৪৫), মো. লাহু মিয়া (৪৫), মো. ছালেক (৪০) ও মো. ফয়সাল আহম্মেদ (৫০)।
রাজধানীর বাড্ডার সোলমাইদ এলাকায় ভোরে এ অভিযান চালায় গাজীপুর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গাজীপুর জেলা ডিবি'র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৪ আগস্ট রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকার কেসেন্ড্রা সুয়েটার কারখানা এবং ১৯ সেপ্টেম্বর আশুলিয়ার কুলিয়ারচর পোশাক কারখানার গার্ড ও শ্রমিকদের অস্ত্রের ভয় দেখিয়ে কাভার্ড ভ্যানযোগে বিপুল পরিমাণ সুতা লুট করে একদল ডাকাত ।
এ ব্যাপারে কালিয়াকৈর ও আশুলিয়া থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।
তিনি বলেন, সোমবার ভোর ৪টার দিকে বাড্ডা এলাকা থেকে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার এবং প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের লুণ্ঠিত ১০ টন সুতা উদ্ধার করা হয়।
গ্রেপ্তরকৃতদের গোয়েন্দা পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/০১১১ ঘ.
bdnews24