২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বছরে ৩২ হাজার পুলিশ নিয়োগ করবে সরকার

সরকার আগামী তিন বছরের মধ্যে ৩২ হাজার পুলিশ সদস্য নিয়োগের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। রোববার রাজারবাগ পুলিশ লাইনের টেলিকম মিলনায়তনে 'ইন্টারন্যাশনাল উইমেন পুলিশ অ্যাসোসিয়েশন' আয়োজিত সদস্য কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 01:28 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার আগামী তিন বছরের মধ্যে ৩২ হাজার পুলিশ সদস্য নিয়োগের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। রোববার রাজারবাগ পুলিশ লাইনের টেলিকম মিলনায়তনে 'ইন্টারন্যাশনাল উইমেন পুলিশ অ্যাসোসিয়েশন' আয়োজিত সদস্য কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বাংলাদেশে বর্তমানে গড়ে প্রতি ১২০০ মানুষের জন্য একজন করে পুলিশ সদস্য রয়েছেন। এ ব্যবধান কমিয়ে আনার জন্য আগামী তিন বছরে ৩২ হাজার পুলিশ সদস্য নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। এক্ষেত্রে নারীরা যেন অধিক হারে নিয়োগ পায় সে বিষয়টি সক্রিয় বিবেচনায় রাখা হবে।" বাংলাদেশ পুলিশের ১৯৩ জন সদস্য 'ইন্টারন্যাশনাল উইমেন পুলিশ অ্যাসোসিয়েশন' এর সদস্যপদ পাওয়ায় তিনি তাদের অভিনন্দন জানান। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারী সদস্য সংখ্যা ভবিষ্যতে বাড়বে বলে আশা প্রকাশ করেন সাহারা খাতুন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-মহাপরিদর্শক ফাতেমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়ন, স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদার এবং পুলিশ সংস্কার প্রকল্পের প্রধান ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) নব বিক্রম কিশোর ত্রিপুরাও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এজে/এইচএ/১৯২১ ঘ.