২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ১৪৪ ধারা জারি

একই স্থানে একই সময়ে ছাত্রলীগ ও ছাত্রদল সভা আহ্বান করায় নারায়ণগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শুক্রবার রাতে ২৪ ঘণ্টার জন্য এ আদেশ দেওয়া হয়। এ ছাড়া সভাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2009, 04:56 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই স্থানে একই সময়ে ছাত্রলীগ ও ছাত্রদল সভা আহ্বান করায় নারায়ণগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শুক্রবার রাতে ২৪ ঘণ্টার জন্য এ আদেশ দেওয়া হয়। এ ছাড়া সভাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রূপগঞ্জ উপজেলার কাঞ্চন হাজী রফিজদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার এই সভা আহ্বান করেছিল সংগঠন দু'টি। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ সুলতানা মল্লিক জানান, একই সময় একই স্থানে ছাত্রদল ও ছাত্রলীগ সভা আহবান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় সভাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোরকান সিকদার বলেন, সভাস্থল কাঞ্চন হাজী রফিজদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট সাহেদ আকবর ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, রূপগঞ্জ উপজেলা ছাত্রদল রফিজদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী সভা আহ্বান করে কয়েকদিন আগে। এ লক্ষ্যে শুক্রবার মাঠে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ করা হয়। এরপর উপজেলা ছাত্রলীগের একটি অংশও একই স্থানে পাল্টা সভা আহবান করে। শনিবার দুপুরে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ কাঞ্চন এলাকায় বিক্ষোভ করে ছাত্রদলের নির্মিত প্যান্ডেলে সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। জেলা বিএনপি'র যুগ্ন-আহবায়ক কাজী মনিরুজ্জামান বলেন, "আমি এ হীন ও অসৎ রাজনৈতিক তৎপরতার তীব্র নিন্দা জানাই।" এদিকে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল শনিবার বিকেলে তাদের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে। সাংবাদিক সম্মেলনে উপজেলা ছাত্রদল সভাপতি আনোয়ার সাদাত সায়েম চারদলীয় নেতা-কর্মীদের নির্যাতন, নিপীড়ন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জন্য সরকারকে দায়ী করেন। সরকারি দল স্থানীয় প্রশাসনকে ব্যবহার করছে বলেও তিনি অভিযোগ করেন। সাংবাদিক সম্মেলনে বিজিএমইএ'র সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, তারাব পৌর মেয়র মাহবুবুর রহমান খান, কাঞ্চন পৌর মেয়র মজিবুর রহমান ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৫ ঘ.