চট্টগ্রাম, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতিধন্য অপর্ণাচরণ ও কৃষ্ণ কুমারী স্কুল রক্ষায় পথে নেমেছেন শতবর্ষী বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন ঐতিহ্যবাহী বালিকা বিদ্যালয় দুটি ভেঙে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। কিন্তু তা বন্ধের দাবিতে শনিবার সকালে বিপ্লবী বিনোদ বিহারী স্কুলের সামনে প্রতীক অনশন করেন। তার ডাকে সাড়া দিয়ে কর্মসূচিতে অংশ নেন নগরীর বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন সংগঠনের কর্মীরা। এ ব্যাপারে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেন।
সিটি কর্পোরেশনের মেয়র মহিউদ্দিন চৌধুরী স্কুল দুটি ভেঙে বহুতল ভবন ও কমপ্লেক্স নির্মাণের ঘোষণায় অটল রয়েছেন। স্থানীয় একটি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে 'শিক্ষাবান্ধব বহুতল ভবন ও কমপ্লেক্স নির্মিত হবেই' বলে ঘোষণা দিয়েছেন তিনি।
পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনে বলা হয়, 'ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দু'টির অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষাবান্ধব আধুনিক বলয় নির্মাণের এই মহতী উদ্যোগকে যারা ভিন্ন চোখে দেখেন, তারা শিক্ষা ক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশংসিত ও স্বীকৃত সাফল্যকে নস্যাৎ করার জন্য ন্যক্কারজনক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন যা শিক্ষানুরাগী মহলের কাম্য নয়। তাই আমি দৃঢ়তার সাথে জানাতে চাই যে অপর্ণাচরণ ও কৃষ্ণকুমারী স্কুলের জন্য প্রস্তাবিত শিক্ষাবান্ধব বহুতল ভবন ও কমপ্লেক্স নির্মিত হবেই।'
প্রতীক অনশন কর্মসূচিতে বিনোদ বিহারী চৌধুরী বলেন, মেয়র একতরফাভাবে স্কুল ভবন ভেঙে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন। তিনি মেয়রের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও তুলে ধরেন।
ঐতিহ্যবাহী এ স্কুল ভবন ভেঙে যারা বাণিজ্যিক ভবন নির্মাণের প্রকল্প তৈরি করেছেন তাদের তীব্র সমালোচনা করে তিনি বলেন, "এই প্রকল্প তৈরি করে তারা পাগলের মতো কাজ করেছেন।"
শুধু ব্যবসার জন্য মেয়র এ ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন বলে মন্তব্য করে বিনোদ বিহারী বলেন, নগরীর উন্নয়নের জন্য টাকার প্রয়োজন আছে। তবে অন্য অনেক উপায়ে এই প্রয়োজন মেটানো সম্ভব।
শিক্ষা প্রতিষ্ঠান দু'টি রক্ষায় তিনি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীরও হস্তক্ষেপ কামনা করেন। বিনোদবিহারী বলেন, "আমরা আশা করবো শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে বাণিজ্যিক ভবন নির্মাণে সরকার বাধা দেবে।"
সহযোদ্ধা বিপ্লবী প্রীতিলতার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, অপর্ণাচরণ স্কুলের প্রথম প্রধান শিক্ষিকা ছিলেন বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। ১৯৩২ সালে এই স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালনের সময়ই প্রীতিলতা পটিয়া ধলঘাটে প্রথমবারের মতো মাস্টারদা সূর্যসেনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
মহান সেই বিপ্লবীর স্মৃতিধন্য বিদ্যালয় ভেঙে বাণিজ্যিক ভবন গড়ে তোলার 'চক্রান্ত' চট্টগ্রামবাসী প্রতিরোধ করবে বলে তিনি ঘোষণা দেন।
প্রতীক অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন শহীদজায়া বেগম মুশতারী শফী, বাসদ চট্টগ্রামের সমন্বয়ক মানস নন্দী, গণসংহতি আন্দোলনের হাসান মারুফ রুমি, শিক্ষিকা ফৌজিয়া শফী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, নগর শাখা নগরীতে মিছিল ও সমাবেশ করেছে।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা আর ব্যবসা কখনোই একসঙ্গে চলতে পারে না। সিটি কর্পোরেশন এ উদ্যোগ বন্ধ না করা পর্যন্ত ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিআর/এসকে/১৬৩২ঘ.
bdnews24