ঢাকা, ২৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পুলিশের কার্যক্রমের উন্নয়নের লক্ষ্যে প্রায় ৯০ কোটি টাকার দুটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে সরকার।
প্রকল্প দুটি হচ্ছে জাতীয় অপরাধ নিয়ন্ত্রণ ও অপারেশন মনিটরিং সেন্টার নির্মাণ এবং নতুন অনুমোদিত পুলিশ থানায় বারোটি প্রশাসনিক ও ব্যারাক কাঠামো নির্মাণ। প্রথম প্রকল্পটিতে মোট ব্যয় হবে ৫৯ কোটি ৪৯ লাখ টাকা।
দ্বিতীয় প্রকল্পটি বাস্তবায়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৯ কোটি ৫৭ লাখ টাকা। দুটি প্রকল্পই জাপান ঋণ মওকুফ তহবিলের (জেডিসিএফ) আওতায় বাস্তবায়িত হবে। এর অর্থ প্রকল্প দুটি বাস্তবায়নে সরাসরি সরকারকে কোনো অর্থ ব্যয় করতে হবে না।
মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে নতুন সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) তৃতীয় বৈঠকে এ দুটিসহ মোট সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এক সংবাদ ব্রিফিংয়ে একথা জানান।
প্রথামত একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রধানমন্ত্রী কোনো দিক নির্দেশনা দিয়েছেন কিনা-সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী বলেন, "আলাদাভাবে আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী কিছু বলেননি। তবে প্রকল্প দুটি অনুমোদনের সময় প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা ভালো করতে সর্বাত্মক চেষ্টা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।"
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগের 'সন্ত্রাসী কর্মকাণ্ড' এবং শ্রমিকলীগের বাস টার্মিনাল দখল সম্পর্কে বৈঠকে প্রধানমন্ত্রী কিছু বলেছেন কিনা-এ প্রশ্নের উত্তরে এ কে খন্দকার বলেন, "প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট করে কোনো ক্রাইমের কথা বলেননি। তবে তিনি (প্রধানমন্ত্রী) কোনো ক্রাইমকেই সমর্থন করেন না।"
জাতীয় অপরাধ নিয়ন্ত্রণ ও অপারেশন মনিটরিং সেন্টার নির্মাণ প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, রাজধানীর ফুলবাড়িয়ায় ফিনিক্স রোডে পুলিশ সদর দপ্তর এলাকায় এই সেন্টার নির্মাণ করা হবে। প্রকল্পটির কাজ ২০১১ সালের জুন মাসে শেষ হবে বলে ধরা হয়েছে। ড্রাগ, মানি লন্ডারিং, নারী পাচার, সাইবার ক্রাইম ইত্যাদির মতো নতুন ধরণের অপরাধ দমনে যুগোপযোগী অবকাঠামোগত সহায়তা দেওয়াই এ প্রকল্পের মূল উদ্দেশ্য বলে এতে উল্লেখ করা হয়েছে।
পুলিশ বিভাগের নিজের জমিতে ২০ তলা ফাউন্ডেশনের ওপর দুটি বেসমেন্টসহ সাত তলা একটি ভবন নির্মাণ করা হবে বলে কার্যপত্রে উল্লেখ করা হয়েছে।
প্রকল্পের আওতায় অপরাধ দমন ও মনিটরিং সেন্টার নির্মাণ ছাড়াও কম্পিউটার, বৈদ্যুতিক যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম ও আসবাসপত্র এবং একটি যানবাহন কেনা হবে।
নতুন অনুমোদিত পুলিশ থানায় বারোটি প্রশাসনিক ও ব্যারাক কাঠামো নির্মাণ প্রকল্পের কার্যপত্রেরও মূল উদ্দেশ্য অবকাঠামোগত সহায়তা প্রদান। এ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের ১২টি পুরাতন ও জরাজীর্ণ থানার প্রশাসনিক-কাম-ব্যারাক ভবন নির্মাণ করা হবে।
থানা ১২টি হচ্ছে, ঢাকার যাত্রাবাড়ী, মুন্সিগঞ্জের গজারিয়া, নেত্রকোনার বারহাট্টা, চট্টগ্রামের ভুজপুর, কক্সবাজারের কুতুবদিয়া, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার তিতাস, লক্ষীপুরের কমলনগর, সিরাজগঞ্জের সলংগা, মেহেরপুরের মুজিবনগর, হবিগঞ্জের মাধবপুর এবং ঝালকাঠির কাঁঠালিয়া থানা।
প্রকল্পের আওতায় ১২ থানার জন্য ১২টি গাড়ি, যন্ত্রপাতি ও আসবাবপত্র কেনা হবে।
এ বছরের জানুয়ারি মাসেই এ প্রকল্পের কাজ শুরু হয়ে ২০১১ সালের জুন মাসে শেষ হওয়ার কথা।
অনুমোদিত অন্য পাঁচটি প্রকল্প হচ্ছে, ৫০ কোটি টাকা ব্যয়ে মাশরুম উন্নয়ন প্রকল্প শক্তিশালীকরণ প্রকল্প, ১০৮ কোটি টাকায় টাঙ্গাইলের এলাসিন নামক স্থানে ধলেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণ, ১৫৫ কোটি টাকার জেলা সড়ক উন্নয়ন প্রকল্প, ৯৯ কোটি টাকা ব্যয়ে সেচের গভীর নলকূপ থেকে খাবার পানি সরবরাহ প্রকল্প এবং চট্টগ্রামের সাতকানিয়ায় ৪৫ কোটি টাকা ব্যয়ে ৫০ শয্যার হাসপাতাল নির্মাণ প্রকল্প।
বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা এবং সংশ্লি
bdnews24