ঢাকা, জানুয়ারি ২৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--উনসত্তরের গণঅভ্যুত্থানই একাত্তরের স্বাধীনতা ও মুক্তি আন্দোলনের ভিত রচনা করেছিল। কিন্তু সেদিন কৃষক-শ্রমিক-জনতার ভাগ্য উন্নয়নের ব্যাপারে যে আশাবাদ ব্যক্ত হয়েছিল, তা এখনো পূরণ হয়নি।
উনসত্তরের গণঅভ্যুত্থান দিবসের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে শনিবার দৈনিক সমকাল কার্যালয়ে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায় এমন মত ব্যক্ত করেন সেই অভ্যুত্থানে অংশ নেওয়া সাবেক ছাত্র নেতারা।
আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, 'এ (উনসত্তরের গণঅভ্যুত্থান) আন্দোলনের মধ্য দিয়েই স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্র্রকাশের পরম আকাঙ্খা ছড়িয়ে পড়ে শহর-বন্দর-গ্রাম সর্বত্র। প্রতিষ্ঠিত হয় সব শ্রেণী ও পেশার বাঙালির ঐক্য। একাত্তরের স্বাধীনতা ও মুক্তি আন্দোলনের ভিত রচনা হয় ।"
সাবেক ছাত্রনেতা আব্দুর রউফ বলেন, 'চল্লিশ বছর পরও উনসত্তরের গণঅভ্যুত্থানের সেই আবেদন এতটুকু কমেনি। বরং নতুনভাবে তা সামনে এসেছে। কিন্তু সেদিন যে আশাবাদ ব্যক্ত ছিল কৃষক-শ্রমিক-জনতার ভাগ্য উন্নয়নের,তা এখনো পুরণ হয়নি। শিক্ষাক্ষেত্রে এখনো বিশৃঙ্খলা।"
তোফায়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক ছাত্র নেতা কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মাহফুজা খানম, খালেদ মোহাম্মদ আলী, সামসুদ্দোহা, মাহবুব উল্লাহ, নুরুন্নবী খান, রাশেদ খান মেনন, মুজাহিদুল ইসলাম সেলিম, শেখ শহিদুল ইসলাম, আসম আব্দুর রব,হাসানুল হক ইনু প্রমুখ।
বর্তমান সময়ের ছাত্রনেতাদের মধ্যে ছাত্রলীগ সভাপতি মাহমুদুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন, ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলাল প্রমুখ বক্তব্য দেন।
গোলটেবিল আলোচনায় সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন ও সহযোগী সম্পাদক অজয় দাশ গুপ্ত উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/এসকে/২৩৪০ঘ.
bdnews24