নোয়াখালী, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নোয়াখালীর হাতিয়ায় ছয়জনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আ স ম শহীদ উল্যাহ কায়সার বৃহস্পতিবার সকালে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আলাউদ্দীন (২৫), আলাউদ্দীন (২২), আবুল কালাম (২১), মাইন উদ্দীন (২২), আমির (১৯) ও নুর আলম (১৮)।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোট কেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জাহাজমারা উচ্চ বিদ্যালয় কেন্দ্র এলাকা থেকে ছয় যুবককে গ্রেপ্তার করে নৌবাহিনীর সদস্যরা। এরপর বিচারক আ স ম শহীদ উল্যাহ কায়সারের ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক বিচারে তাদের দণ্ড দেন।
পরে দণ্ডিতদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩৪৮ ঘ.
bdnews24